দাতা সংস্থাগুলোকে সময়মতো ও দেশের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দাতাদের প্রতি নদী খননের জন্য সরকারকে ড্রেজিং ও ভূ-উপরিস্থ পানি ব্যবহারে সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সহায়তা দেশের কৃষকদের সত্যিকার অর্থে উপকারে লাগবে। গতকাল রোববার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে সিডর-আক্রান্ত ধানচাষিদের ‘জীবনমানের উন্নয়নে গুটি সারের ভূমিকা’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিইএ) সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী বলেন, দাতাদের এমন প্রযুক্তি সরবরাহ করা উচিত না, যা তাদের নিজ দেশের কৃষকেরা ব্যবহার করে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো উন্নত দেশে গুটি সার ব্যবহারের জন্য শ্রমিক পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কেননা, মাটির দিকে নুয়ে এই সার ব্যবহার করতে গিয়ে কৃষকদের হাতের নখ ক্ষয়ে যায়, কোমড় ব্যথা হয়। যে কারণে ১২ বছর হতে চললেও এই সার বাংলাদেশের কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেনি। সম্প্রতি গুটি সার ব্যবহারের যন্ত্র উদ্ভাবন করা হলেও তা হাতে বহনযোগ্য না হওয়ায় এটি জনপ্রিয় হচ্ছে না। সিডর হয়েছে ২০০৭ সালে। এখন ২০১০। এত দিন পর কৃষকের জীবনমানের উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে—মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, একটু বেশি দেরি হয়ে গেল না! ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল’—এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়। ‘কসমেটিকস সার্জারি করে চেহারা কিছুদিন ভালো রাখা যায়। কিন্তু লিভার নষ্ট থাকলে চেহারা ভালো রেখে লাভ নেই’—মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পলি দিয়ে গঠিত হয়েছে। ফলে এখানে ওপর থেকে পলি এসে নদীগুলোতে পড়বেই। আমাদের এই পলি ড্রেজার দিয়ে সরিয়ে নদীগুলো সচল রাখতে হবে।’ বোরো চাষকে ইংলিশ মিডিয়াম ও আমনকে বাংলা মিডিয়ামের হাইস্কুলের ছাত্র হিসেবে চিহ্নিত করে মতিয়া চৌধুরী বলেন, ‘আর আউশ হচ্ছে বস্তির ছেলে। এর প্রতি কারও কোনো মনোযোগ নেই। আউশ মৌসুমে ফলন বাড়াতে ভূ-উপরিস্থ পানি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার। দাতাদের উচিত, এই খাতগুলোতে সহায়তা দেওয়া।’ মিশ্র এনপিকে সার ব্যবহারের জন্য ১০০টি কারখানাকে অনুমতি দেওয়া হলেও ১০-১২টি ছাড়া বাকি সবাই নিম্নমানের সার তৈরি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে মতিয়া চৌধুরী বলেন, ‘দাতারা এত দিন বেসরকারি খাতকে গুরুত্ব দিতে গিয়ে সরকারি খাতকে অবহেলা করেছে। কিন্তু এটা প্রমাণিত হয়েছে, বেসরকারি খাত সরকারি খাতের চেয়েও বেশি দুর্নীতিবাজ। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও এনজিওগুলো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে “হায় হায়” কোম্পানিতে পরিণত হয়েছে।’ সভাপতির বক্তব্যে বার্কের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর বলেন, কৃষক আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা শ্রমঘন প্রযুক্তি থেকে সরে আসছে। ডিইএর মহাপরিচালক সাইদ আলী বলেন, দেশে যে ৫২ লাখ হেক্টর উঁচু ও মাঝারি উঁচু জমি আছে, তাতে আউশ চাষ করা সম্ভব। সিডর-আক্রান্ত চাষিদের এনপিকে গুটি সারের ব্যবহারের উপকারিতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞানী আবদুল মজিদ মিঞা। স্বাগত বক্তব্য দেন আইএফডিসি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ইশরাত জাহান।