বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ট্রানজিটের জন্য অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। চট্টগ্রামে চারটি উড়ালসেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম ছয় লেন মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম দ্বৈত রেললাইন করা হচ্ছে। অবকাঠামো নির্মিত হলে দেশের প্রয়োজন মিটিয়ে আশপাশের দেশকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে।গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘আঞ্চলিক সহযোগিতা: যোগাযোগ ট্রানজিট চুক্তি ও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সুচিন্তার নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত। অন্যদের মধ্যে সাংসদ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম ও প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান আলোচনায় অংশ নেন।ট্রানজিটের বিরোধিতা সম্পর্কে বলতে গিয়ে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘বিরোধী দল মুখে মুখে ভারতের বিরোধিতা করে। অথচ তারা ভারতকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে। আমরা সমান সমান অবস্থান নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছি। আর তারা শুধু অসত্য কথা বলে, জুজুর ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বিগত সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে ছোট করেছে।’ফারুক খান বলেন, বাংলাদেশ ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। জনশক্তি, খনিজ সম্পদ—সব দিক থেকে বাংলাদেশ সম্পদশালী। প্রশ্ন হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে। সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য দরকার বুদ্ধিমত্তা, সাহস ও ঐক্য। দুর্ভাগ্যজনকভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে বিভক্তি তৈরি করছে।ট্রানজিট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে ভুটান, নেপাল, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য এবং চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এতে ১০০ কোটি মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। তবে সবার আগে অবশ্যই আমাদের দেশের মানুষের প্রয়োজন মেটাতে হবে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’চট্টগ্রাম বন্দরের উন্নতির জন্য সরকার কাজ করছে উল্লেখ করে ফারুক খান বলেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য এরই মধ্যে পরামর্শক নিয়োগ করা হয়েছে। ভারতের কাছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে—বিরোধী দলের এমন প্রচারণার প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কেউ দখল করেনি। বরং সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশই একদিন পৃথিবীকে দখল করবে।’