
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশিদের কাছে কান্না করে দেশের বদনাম না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘যাঁরা আবোলতাবোল বকছেন, আমরা তাঁদের ব্যথা বুঝি। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে আসেননি। সেই নির্বাচন হয়ে গেছে। এখন বিদেশি প্রভুদের পা ধরে কান্না করছেন। আওয়ামী লীগ বিদেশি প্রভুদের পা ধরে কান্নাকাটি করে না। দেশের মানুষের শক্তিতে শক্তিবান হয়ে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। কাজেই বিএনপি নেত্রীকে বলব, মানুষ খুন করে অন্যের কাছে গিয়ে কান্না করে দেশের বদনাম করা বন্ধ করেন।’
গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। প্রথম দিন প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। কিন্তু সেদিন খুব বেশি লোকসমাগম হয়নি। পরে জয়ও আসেননি। গত বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন সাজেদা চৌধুরী এবং কর্মীরা না আসায় আলোচনা হয়নি। গতকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনার জন্য নির্ধারিত পুরো প্যান্ডেল ভর্তি ছিল৷
গতকালের আলোচনা সভার সভাপতি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের ব্যাপক সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি নেত্রীর ছেলের টাকা বিদেশ থেকে আনা হয়েছে। আজকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা থাকার হিসাব এসেছে। ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি৷ কার কার টাকা আছে, সে তালিকা ধরে আনব৷ সেখানে কত টাকা আছে, কীভাবে টাকা গেছে। সে ব্যবস্থা ইনশা আল্লাহ আমরা নেব৷ শুধু সুইস ব্যাংক কেন, আর কার কোথায় কী টাকা আছে, সে হিসাবও আমরা নিচ্ছি৷’