দেশের বর্তমান অবস্থাকে ‘আপদ’ বললেন এরশাদ
দেশের বর্তমান অবস্থাকে ‘আপদ’ বলে অভিহিত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘এই আপদ থেকে একদিন মুক্তি পাব। আমরা তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াব।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়ের লেখা রক্ত কথা বলে উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। মোড়ক উন্মোচন করেন কবি ফজল শাহাবুদ্দীন। মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসের তিনটি চরিত্রের কথা উল্লেখ করে এরশাদ বলেন, ‘এত আত্মত্যাগ, স্বার্থত্যাগ, প্রেম ও বিসর্জনের পর অর্জিত স্বাধীনতা আমাদের কী দিল? আজ দেশের অর্থনীতি জর্জরিত, আমরা সন্ত্রাসের কাছে পরাজিত। স্বাধীনতার পর কী পেলাম, এটা এখন বিরাট প্রশ্ন।’এরশাদ দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মনের মধ্যে হতাশা স্থান দেবেন না। সবকিছু শেষ হয়ে যায়নি। আমরা তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াব।’ অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক আলী ইমাম প্রমুখ।