দেশের বাইরে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার যুক্তরাজ্যের লন্ডন, ভারতের কলকাতা ও আগরতলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় বাংলাদেশের এই স্থপতিকে। আত্মার শান্তি কামনা করা হয় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের।
লন্ডনে গতকাল সকালে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ দিবসের অনুষ্ঠান। বেলা ১১টায় চেলসি ওল্ড টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহার নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা। এরপর শোক দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা।
আলোচনা সভায় লন্ডনে চিকিৎসাধীন কবি সৈয়দ শামসুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা পেয়েছি সত্যের পথে এগিয়ে যাওয়ার দীক্ষা।’ বিশ্বের দরবারে আজ বাংলা ভাষায় কথা বলার বিষয়ে বঙ্গবন্ধুর অবদান ও যুক্তরাজ্যের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক সম্পর্কের স্মৃতিগুলো তুলে ধরেন তিনি। এরপর কবি তাঁর সদ্য রচিত একটি কবিতা পাঠ করে শোনান।
সাংবাদিক, লেখক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, বঙ্গবন্ধু মহান রাষ্ট্রনায়ক ছিলেন। শেখ মুজিব বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। পরাধীন জাতিকে তিনি স্বাধীন করেছেন। পৃথিবীতে অনেক নেতা এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতার আবির্ভাব ঘটেনি।
ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার যে স্বপ্নের জাল বুনেছিলেন তা ছিল আবাল-বৃদ্ধ-বনিতা, কামার-কুমার, কৃষক-শ্রমিক সব বাঙালির স্বপ্ন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন একটি স্মরণিকাও প্রকাশ করে।
কলকাতায় সকাল সোয়া আটটায় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও এ কক্ষের সামনে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনের কর্মকর্তারাসহ কলকাতার বিশিষ্টজনেরা এই পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে উপহাইকমিশনে অর্ধনমিত করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। আগামীকাল বুধবার (১৭ আগস্ট) বিকেলে কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করেছে উপহাইকমিশন।
এ ছাড়া, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।