
বেড়াতে গিয়ে মুঠোফোনের চার্জ ফুরিয়ে ফেলার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু কাঁধের ব্যাগটি দিয়ে মুঠোফোনে চার্জ দিলে কেমন হয়? আবার কৃষক রোদ থেকে রেহাই পেতে মাথাল ব্যবহার করেন। কাঠফাটা রোদে কি তাঁর স্বস্তি পাওয়ার কোনো উপায় আছে?
দুটোই সম্ভব। ব্যাকপ্যাকে থাকা সোলার প্যানেল দিয়ে মুঠোফোনে চার্জ দেওয়া যায়। আবার মাথালে রয়েছে একটি ফ্যান, যা কয়েকটি ছোট সোলার প্যানেলের সঙ্গে যুক্ত। তাতে কৃষকের মাথায় বাতাসও লাগে, স্বস্তির সঙ্গে আরও কয়েক ঘণ্টা বেশি কাজ করা যায়।

কৃষকের এই নতুন মাথাল আর স্মার্ট ‘সোলার চার্জিং ব্যাকপ্যাকের’ দেখা মিলবে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্ভাবন গ্যালারিতে। এই প্রযুক্তিগুলো এত দিন ছিল সাধারণ মানুষ ও শিল্পোদ্যোক্তাদের আড়ালে। তবে গতকাল রোববার এই গ্যালারির উদ্বোধন করা হয়।
ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিসিএসআইআর ক্যাম্পাসে ঢুকে একটু সামনে হাতের ডানে চোখে পড়বে দোতলা একটি ভবন। ভবনের দোতলায় রয়েছে উদ্ভাবন গ্যালারি। পুরো ঘরটিতে মোট ১৩টি তাকে প্রদর্শিত হচ্ছে পরিষদের দুই শতাধিক উদ্ভাবিত বৈজ্ঞানিক পণ্য ও প্রযুক্তি। দেশজুড়ে ১১টি শাখা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এগুলো বিভিন্ন সময়ে উদ্ভাবন করেছেন। এসবের বেশির ভাগ প্রযুক্তি আবার নিত্যপ্রয়োজনীয় ও মানুষের ভোগ্যপণ্য।

হাতের বাঁয়ে শুরুতে রয়েছে খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট ইউনিটের দুটি তাক। সেখানে আছে ওই ইউনিটের ৪০টি উদ্ভাবিত পণ্য। অধিকাংশই ভোগ্যপণ্য ও খাবারের জন্য। চোখে পড়বে ময়দা, গাজর, ডিম ও লবণ দিয়ে তৈরি নুডলস। দেখতে বাজারের সাধারণ নুডলসের মতো। কিন্তু এটি ক্যারোটিন সমৃদ্ধ, যা শিশুদের ভিটামিন এ–এর চাহিদা পূরণ করবে। ফলে শিশুপুষ্টির জোগানের পাশাপাশি রাতকানা রোগের প্রতিরোধে কাজ করবে। ২০ গ্রাম ওজনের প্রোটিনসমৃদ্ধ এই নুডলসের দাম পড়বে ২০ টাকা।
এই তাকগুলোতে আরও আছে স্ট্রবেরি জুস, তেঁতুলের জুস, ইনস্ট্যান্ট হেলথ ড্রিংক, স্যুপ মিকস, ভেজিটেবল স্যুপ পাউডার, রেড টাইগার সফট ড্রিংকস, টেস্টি স্পিরুলিনা এনার্জি ড্রিংক, ভেজিটেবল ঘি, সূর্যমুখী তেল, মিক্স ভেজিটেবল সসসহ আরও কত–কী। সুদৃশ্য বোতলে সাজানো পণ্যগুলো যে কারও একটু চেখে দেখতে মন চাইবে।
এসব পণ্য নিশ্চিন্তে খাওয়া যাবে বলে জানান খাদ্যবিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কণিকা মিত্র। বললেন, তাঁদের উদ্ভাবিত পণ্যের অনেকগুলো বাজারে পাওয়া যায়। কিছু পণ্য এখনো বাজারে আসার অপেক্ষায় আছে। পণ্যগুলো তাঁদের প্রতিষ্ঠানের পরীক্ষাগার ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) থেকে পরীক্ষা করে অনুমোদন নেওয়া হয়।
একেকটি তাকে একেকটি দরকারি পণ্য। সাভারের চামড়া গবেষণা ইনস্টিটিটের তাকে প্রদর্শিত হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য তৈরি করা বিশেষ জুতা। এই জুতা ব্যবহারে ডায়াবেটিস রোগীদের পায়ে সমানভাবে সব দিকে চাপ পড়বে, তাতে পায়ের গোড়ালি ফেটে বা কাটবে না বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূর-ই-আলম।

ঢাকার বিসিএসআইআরে আছে নিম ও অ্যালোভেরার তৈরি হারবাল হ্যান্ডওয়াশ, ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করার জন্য অ্যালোভেরা জেলসহ একগাদা পণ্য। উল্টো পাশে বিসিএসআইআর, রাজশাহীর তাকে দেখা গেল ভেষজ অ্যালোভেরা দিয়ে তৈরি পণ্য। আছে অ্যালোভেরা বডি লোশন, মুখে মাখার অ্যালোভেরা ভ্যানিশিং ক্রিম, অ্যালোভেরা লেমন ড্রিংক, হারবাল তুলসী চা, অ্যালোভেরা টুথপেস্ট, অ্যালোভেরা হারবাল শ্যাম্পু, লেবুর পাতার তৈরি শেভিং লোশন, পেঁপের জেলি, শতমূলী পাউডার ড্রিংক।
ফিতা কেটে এই গ্যালারিটি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের বিজ্ঞানীদের অর্জনগুলো সহজে দেখা যাবে। এটা দিয়েই পদযাত্রা শুরু হলো।’
এই গ্যালারিটি আরও আগে তৈরি করা দরকার ছিল বলে মনে করেন বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, এখানে বিজ্ঞানের যে উদ্ভাবনগুলো হয়, বিজ্ঞানীরা যে কাজ করছেন, তা সাধারণ মানুষ, বিশেষ করে শিল্পোদ্যোক্তাদের জানা প্রয়োজন। এখন থেকে এই উদ্ভাবনগুলো দেখে বিজ্ঞান গবেষক-শিক্ষার্থীরা আগ্রহী হবেন। ব্যবসায়ীরাও বিনিয়োগে আগ্রহী হবেন বলে তাঁর আশা।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠা ১৯৫৫ সালে। জনসংযোগ বিভাগ থেকে জানা গেল, ভবনটি কম ব্যবহার করা হতো। তাঁরা এক মাস আগে একটু সংস্কার করে গ্যালারিটি তৈরি করেছেন, যাতে সবাই তাঁদের উদ্ভাবনগুলো দেখতে পারেন। দৃষ্টিনন্দন দোতলা ভবনের এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।
গ্যালারির দায়িত্বে আছেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষণা সমন্বয়কারী মঞ্জুর মোর্শেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের পণ্যগুলো সাধারণ মানুষ জানেই না। আপাতত একটি কমিটি করে দুদিনের জন্য খোলা রাখা হবে। পর্যায়ক্রমে সাত দিনই গ্যালারিটি খোলা রাখা হবে।’