দেশের বিভিন্ন জেলায় আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দিনাজপুর, জামালপুরের সরিষাবাড়ী, মৌলভীবাজার, পিরোজপুর, পটুয়াখালী, ভোলার কয়েকটি গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ শামিল হন ঈদের জামাতে।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদরসহ চারটি উপজেলার ১৭টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে আটটার দিকে শহরের চারুবাবুর মোড় এলাকার ‘পার্টি সেন্টার’ নামে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যামও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ও গড়েয়া বাজার এলাকার ১৭ গ্রামে ঈদের জামাত হয়েছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীর ভাটারার পাখাডুবি, পৌরসভার বলারদিয়ার, মহাদানের খাগড়িয়া, উচ্চগ্রাম, সানাকৈর, সাতপোয়া ইউপির দামেরবাড়ি ও উত্তর বলারডিয়ার গ্রামে আজ সকাল সাড়ে নয়টার দিকে চার শতাধিক মুসল্লি উত্তর বলারগিয়ার ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন। ঈদগাহ মাঠের ইমাম মো. আজিম উদ্দিন জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী ২০০৩ সাল থেকে তারা ঈদ উদযাপন করছেন।
মৌলভীবাজার: সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ সকাল সাতটায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর অনুসারীরা ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই স্থানে ঈদের নামাজ আদায় করছেন। এ ছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক স্থানে তাঁর অনুসারীরা ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আটটি গ্রামের প্রায় ছয়শো পরিবার আজ ঈদ উদযাপন করছেন। সকাল ১০টার দিকে মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়ি ও কচুবাড়িয়া গ্রামের হাজি ওয়াহেদ আলী হাওলাদারের বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। সুরেশ্বর পীরের অনুসারী কচুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা ৬ জুন সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং আজ সৌদি আরবের সঙ্গেই ঈদ উদযাপন করছি।’ এ ছাড়া জেলার নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের ৭০ পরিবার আজ ঈদ উদযাপন করেছেন। স্থানীয় খেজুরতলা বাজারের একটি মসজিদে সকালে তাঁরা ঈদের নামাজ আদায় করেন।

পটুয়াখালী: প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে সংগতি রেখে পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার আজ ঈদ উদযাপন করছেন। সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম আবদুল গনি। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ১৯২৮ সাল থেকে জেলার ২২ গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার প্রতিবছর আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করছেন।

ভোলা: ভোলা জেলার ৪০ গ্রামের ১৩ হাজার মুসল্লি আজ ঈদ উদযাপন করছেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরা সুরেশ্বর ও সাতকানিয়া দরবার শরীফের অনুসারী। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম ও খাসের হাট, কাচিয়া ইউনিয়নের মুলাইপত্তন, লালমোহন উপজেলার পৌর এলাকায় মফিজ পাটোয়ারী বাড়ীর জামে মসজিদ, চরফ্যাশন উপজেলার জিন্নানগর ইউনিয়নের জালাল মহাজন বাড়ীর জামে মসজিদ ও মনপুরা উপজেলায় হাজির হাটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে সাতকানিয়ার অনুসারীদের একমাত্র ঈদের জামাত হয়েছে টবগী ইউনিয়নের চৌকিদারবাড়ী জামে মসজিদে।