দেশের বিভিন্ন স্থানে জামায়াত শিবিরের ৯ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মী আটক হয়েছেন। পুলিশের দাবি, ২৯ জানুয়ারির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে রোববার গভীর রাতে শহরের ডিকেপি সড়কের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির জানান, ২৯ জানুয়ারি বরগুনা শহরে বিএনপির গণমিছিল কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলা ও বরগুনা পৌর ভবনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর: চাঁদপুর শহরের গুয়াখোলা মসজিদসংলগ্ন আল আকসা মেস থেকে রোববার রাতে মো. হুসাইন নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব জানান, মো. হুসাইন ২৯ জানুয়ারি চাঁদপুরে বিএনপি ও পুলিশের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুটি মামলার আসামি। দিনাজপুর: দিনাজপুর শহরের মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে গতকাল সোমবার দুপুরে ছাত্রশিবিরের দুজন কর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন মো. আলী সগীর (২২) ও রেজাউল করিম (২০)। দিনাজপুর কোতোয়ালি থানার এসআই জাহাঙ্গীর বলেন, ছাত্রশিবিরের কয়েকজন কর্মী শহরের মির্জাপুর বাসস্ট্যান্ডে মিছিল বের করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলেও তাঁরা মিছিল বের করেন। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়।ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এনামুল হককে রোববার রাতে তাঁর গ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ। রাজাপুর থানার এসআই আবদুল হালিম তালুকদার জানান, এনামুল হকের বাড়িতে জামায়াতের নেতা-কর্মীরা সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলার চরবয়রা গ্রাম থেকে রোববার রাতে উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. সেকান্দার আলীকে (৪৫) আটক করে পুলিশ। দুমকি থানার ওসি মো. শাহনেওয়াজ বলেন, নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠককালে সেখানে অভিযান চালিয়ে সেকান্দার আলীতে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। শেরপুর: জেলা শহরের গৌরীপুর মহল্লার একটি মেস থেকে রোববার রাতে ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন, জাহিদ আনোয়ার (২৬), শরিফুল ইসলাম (২৪) ও আমিনুর রসুল (১৯)।