দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে। গতকাল ভোর পাঁচটা ১৯ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের মনিয়ার প্রদেশের ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, কেন্দ্রস্থলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামসহ রাজধানীতেও ভূকম্পন অনুভূত হয়। পর্যবেক্ষকেরা বলছেন, রাজধানীতে ভূকম্পনের তীব্রতা ছিল তিন।গতকাল ভোরে আঘাত হানা ভূমিকম্পের স্থায়িত্ব ছিল দুই সেকেন্ড। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্রের ৩৮৭ কিলোমিটার পূর্বে মিয়ানমার অঞ্চলে। পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলে ভূকম্পনের মাত্রা বেশি অনুভূত হয়েছে।যুক্তরাজ্যের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের ওয়েবসাইটে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে মিয়ানমারের কথা উল্লেখ করে বলা হয়, কলকাতার ৬৪৫ কিলোমিটার পূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূগর্ভের ১০৫ দশমিক ৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উত্পত্তি হয়।ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে উত্পত্তি হলেও ওই ভূমিকম্প ওই অঞ্চলের বাইরে অনুভূত হয় না। মিয়ানমারের ভূমিকম্প ১০৫ কিলোমিটার গভীরে হওয়ায় তা রাজধানী ঢাকা পর্যন্ত অনুভূত হয়েছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মেহেদি হাসান আনসারী বলেন, ভূমিকম্পটির উত্স ভূগর্ভের অনেক গভীরে হওয়ায় তা ঢাকায়ও অনুভূত হয়। সম্প্রতি বিশ্বে ভূমিকম্প আঘাত হানার হার বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, হাইতি ও চিলির ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজধানীসহ দেশের বড় বড় শহরে পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে হবে।ফেনীর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল ভোর পাঁচটা ২০ মিনিটে ফেনীতে মৃদু ভূকম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পনে এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠে। এ সময় অনেকে ঘুম থেকে জেগে ওঠে। তবে জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ফরিদপুর অফিস জানায়, ফরিদপুর শহরে মৃদু ভূমিকম্প হয়েছে। ভোর পাঁচটা ২৪ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। ফরিদপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম সুরজুল আমীন জানান, ভূমিকম্পটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী ছিল।