দেশের বিভিন্ন স্থানে মিছিল, শুকরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করে। অনেক স্থানে শুকরিয়া আদায় করে দোয়া করা হয়। খুনিদের ফাঁসিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারী: জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরে মিছিল বের করে। পরে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশ হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও শুকরিয়া আদায় করে দোয়া করা হয়।জয়পুরহাট: বেলা ১১টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ শহরে মিছিল বের করে। মিছিল শেষে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক ঐতিহাসিক এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘খুন করে কেউ পার পায় না। খুনের বিচার হওয়া দরকার।’ ক্ষেতলালের কৃষক নূরুল ইসলাম বলেন, ‘এই খুনিদের বিচার আরও অনেক আগেই হওয়া উচিত ছিল।’পাবনা: দুপুর ১২টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল এসে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখান থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পরে হলেও জাতি আজ স্বস্তির নিঃশ্বাস ফেলে দায়মুক্ত হয়েছে। সবাই আজ কলঙ্কমুক্ত। ফরিদপুর: দুপুর ১২টার দিকে শহরের ঝিলটুলি এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটির উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা বিএনপির সভাপতি জহিরুল হক বলেন, ‘যেকোনো খুনিরই বিচার হওয়া সভ্যসমাজের রীতি। খুন করে ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যাবে তা হতে পারে না। অন্যসব খুনেরও বিচার হতে হবে।’ প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ ৩৬ বছর ধরে বাঙালিদের ঘাড়ে জগদ্দল পাথর হয়ে বসে থাকা একটি পাথর আমরা অপসারণ করতে পেরেছি।’ রিকশাচালক হাবিবুর রহমান বলেন, ‘খুন কইরা চিত্কার কইরা কইয়া বেড়াইছে ওরা। ভাবছে কেউ ওগো ধরতে পারবো না।’ নড়াইল: জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন বলেন, ‘দেশ থেকে ক্যু করার রাজনৈতিক ধারা অবসানের প্রক্রিয়া শুরু হলো।’ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মতে, আসামিদের একাংশ এ রায়ের আওতাভুক্ত হয়েছে। বাকি আসামিদের বিচার যত দিন হচ্ছে না, তত দিন জাতি কলঙ্কমুক্ত হতে পারছে না। খুনিদের ফাঁসি হওয়ার পর গতকাল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মিছিল বের হয়।ঠাকুরগাঁও: আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফাঁসি কার্যকরের খবর পেয়ে নেতা-কর্মীরা তাত্ক্ষণিকভাবে মিষ্টি বিতরণ করেন। এ ছাড়া মসজিদে মসজিদে শুকরিয়া আদায় করে দোয়া করা হয়। রংপুর: দুপুর ১২টার দিকে শহরের শাপলা চত্বর থেকে শহর আওয়ামী লীগ একটি মিছিল বের করে কাচারিবাজারে এক সমাবেশে মিলিত হয়। দুপুর একটার দিকে মুক্তিযোদ্ধা সংসদ, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও বিকেল চারটায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পৃথক মিছিল বের করে। বিকেলে স্থানীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সভায় বক্তৃতা করেন জোটের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজী মো. জুননুন ও সাখাওয়াত রাঙ্গা।