দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর একটা ৩৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাজবাড়ী-ফরিদপুর সীমান্ত অঞ্চলে।ফরিদপুর: বাসস জানায়, গতকাল ফরিদপুর শহরে অনুভূত ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় এবং তারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ফরিদপুরের জেলা প্রশাসক হেলাল উদ্দিন জানান, জেলার কোনো স্থান থেকে তাঁরা ক্ষয়ক্ষতির খবর পাননি। বগুড়া: গতকাল দুপুরের দিকে বগুড়া শহরে অনুভূত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শহরের বাসিন্দারা জানায়, বেলা একটা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তিন সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে অনেক পুরাতন ভবনের পলেস্তারা খসে পড়ে। বাড়ির র‌্যাকে থাকা তৈজসপত্র পড়ে যায়।উল্লাপাড়ায় পৌরসভা ও স্কুল ভবনে ফাটল: আমাদের উল্লাপাড়া প্রতিনিধি জানান, গতকাল বেলা দেড়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাঁচ সেকেন্ড স্থায়ী ভূকম্পনে উল্লাপাড়া পৌরসভা ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া উল্লাপাড়া মার্চেন্টস পাইলট বিদ্যালয়ের ভবনের দেয়ালে ও ছাদে ফাটলের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এম বেলাল হোসেন জানান, পৌরসভা ভবনে ফাটল ধরায় তাঁর কর্মচারীরা আতঙ্কে কার‌্যালয়ে ঢুকতে সাহস পাচ্ছেন না।