দেশের বিভিন্ন স্থানে সোহাগী হত্যার প্রতিবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের কয়েকটি স্থানে আজ রোববার বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং দোষী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকালে শহরের শহীদ সাটু হলের সামনে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি সুরক্ষিত এলাকায় পরিকল্পিতভাবেই তনুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। অথচ এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক ছত্রচ্ছায়ার কারণে এর আগেও দেশে চাঞ্চল্যকর অনেক হত্যাকাণ্ডের বিচার হয়নি। তনু হত্যার সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
ফরিদপুর: ‘রুখো হত্যা’—এ আহ্বান জানিয়ে তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে ও হাতে পোস্টার নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলে, ‘স্বাধীন দেশে একটি নিরাপদ জায়গায় তনুর ওপর বর্বরোচিত আচরণ ও নৃশংস হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারছি না। এ দেশে আর যেন কোনো তনুকে এভাবে প্রাণ দিতে না হয়।’
পঞ্চগড়: তনু হত্যার ঘটনায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে প্রথম আলো বন্ধুসভা। এতে বন্ধুসভার সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
২০ মার্চ রাত ১০টার দিকে কুমিল্লার ময়নামতী সেনানিবাসের পাহাড় হাউস-সংলগ্ন ঝোপ থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়।