দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির পূর্বাভাস
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ শুক্রবার মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সন্দ্বীপে সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। তেঁতুলিয়ায় ৩০, হাতিয়ায় ২৩, রংপুর ও পটুয়াখালীতে ১৭, সিলেট ও মোংলায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তিত হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে।
আজ সকাল থেকে ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।