দেশের বিভিন্নস্থানে ইমরান খানের কুশপুত্তলিকা দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার ঘটনায় পাকিস্তান জাতীয় পরিষদে বাংলাদেশের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এ সময় পাকিস্তানের পতাকা ও ইমরান খানের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়। আমাদের অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

দিনাজপুর

আজ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দিনাজপুর শহরে মুক্তিযোদ্ধা-জনতা মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কয়েক শ লোক অংশ নেন।

এ সময় দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম, সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোসাদ্দেক হোসেন, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান প্রমুখ বক্তব্য দেন।

মানববন্ধন শেষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

কুড়িগ্রাম

সকাল ১০টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পাকিস্তানের জাতীয় পতাকা ও ইমরান খানের ছবিতে অগ্নিসংযোগ করা হয়। মুক্তিযোদ্ধা জনতা ব্যানারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় একটি সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, সিপিবির সভাপতি মাহবুবুর রহমান মোমিন, মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মতলুবর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক প্রমুখ। এ সময় বক্তারা স্বাধীন বাংলার মাটিতে পাকিস্তানি দূতাবাস বন্ধ এবং নিন্দা প্রস্তাবের ঘটনায় পাকিস্তানকে নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সিরাজগঞ্জ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে  পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গালা ইউনিয়নের বর্ণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে পাকিস্তানি পণ্য বর্জনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ হাসিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম মওলা আজম প্রমুখ।

পটুয়াখালী

পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ব্যানারে সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ জনতা পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা ইমরান খানের ছবিতেও আগুন দেন। একই সঙ্গে অস্থায়ীভাবে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তাঁরা।

নেত্রকোনা

দুপুর সাড়ে ১২টার দিকে সাতপাই কালীবাড়ি ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় জেলা ছাত্র ইউনিয়ন। এ সময় তাঁরা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশটির ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করেন। বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সংগীতা সরকার, সাংগঠনিক সম্পাদক নীহার সরকার ও সাবেক ছাত্রনেতা হুমায়ূন কবীর প্রমুখ।

যশোর

গণজাগরণ মঞ্চ যশোর জেলা শাখার উদ্যোগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। বিকেল পাঁচটায় শহরের চিত্র মোড়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনায় দেশটির প্রতি ধিক্কার জানিয়ে এর আগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচিতে রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা যোগ দেন।

সমাবেশে বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, গণজাগরণ মঞ্চের সভাপতি কাজী আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।