দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করতে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশের বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়, দেশের সঙ্গে শত্রুতা করে, তাদের প্রতিহত করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল শনিবার স্টকহোমে সুইডেন আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে বাংলাদেশ–সম্পর্কিত তথ্যভান্ডার সমৃদ্ধ করেছি এবং আমরা জনকূটনীতির মাধ্যমে এগুলো প্রচার করছি। তবে মিশনগুলোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও এসব তথ্য তুলে ধরা প্রয়োজন।’ তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ়তায় বর্তমান বাংলাদেশ একটি সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। সেটা বিদেশিদের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছর বাংলাদেশের জন্য একটি স্বর্ণযুগ উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, জিডিপির গড় প্রবৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম স্থান অর্জন করেছে এবং মাথাপিছু আয় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বৃদ্ধি পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের যোদ্ধা, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক সমৃদ্ধ হয়েছে।’
বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনগুলোতে সেবা প্রদানের জন্য ‘দূতাবাস’ এবং ‘মাই গভর্নমেন্ট’ নামে দুটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। ‘দূতাবাস’ প্যাকেজের মাধ্যমে ৩৪টি সেবা এবং ‘মাই গভর্নমেন্ট’ প্যাকেজের মাধ্যমে ৬৮টি সেবা প্রদান করা যাবে এবং পর্যায়ক্রমে সব মিশনে এই সেবা চালু হবে বলে তিনি উল্লেখ করেন।
সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, সুইডেনপ্রবাসী বীর মুক্তিযোদ্ধা, সুইডেন আওয়ামী লীগের নেতারা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।