দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে উদ্যোগী হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া গণসংবর্ধনায় বক্তব্য দেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া গণসংবর্ধনায় বক্তব্য দেন l ছবি: পিআইডি

বিদেশে দেশের ভাবমূর্তি ও মর্যাদা উজ্জ্বল করতে আরও উদ্যোগী হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি জোরদার এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মতাদর্শগত মূল্যবোধ সমুন্নত রাখতে আরও অবদান রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় ইতালির মিলান নগরের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক গণসংবর্ধনায় এই আহ্বান জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের ইতালি শাখা এই গণসংবর্ধনার আয়োজন করে। খবর বাসসের।
প্রবাসী বাংলাদেশিসহ সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সাল নাগাদ একটি উন্নত দেশে পরিণত হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিরা অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে।
মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তাঁদের অসামান্য অবদান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছে।
গত পাঁচ বছর আট মাসে নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। ফলে দেশের উন্নয়নে সমুদ্রসম্পদ আহরণের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও জ্বালানি, যোগাযোগ, কৃষি, সামাজিক নিরাপত্তা ও আইসিটি খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরেন।
আওয়ামী লীগের ইতালি শাখার সভাপতি ইদ্রিস ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের দুর্নীতি, জঙ্গিবাদ ও অর্থ পাচারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা যখনই ক্ষমতায় এসেছে, দেশে সীমাহীন দুর্নীতি, ব্যাপক অর্থ পাচার, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছে।
দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী: চার দিনের ইতালি সফর শেষে গতকাল দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে গতকাল বেলা ১১টা ৩০ মিনিটে (মিলান সময়) মিলানের মলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৫০ মিনিটে বিমানটি ঢাকায় পৌঁছার কথা ছিল।
এশিয়া-ইউরোপ মিটিংয়ের (আসেম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১৫ অক্টোবর ইতালি যান প্রধানমন্ত্রী।