দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সেনা কর্মকর্তাদের যোগ্য হতে হবে : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘রাষ্ট্রপতি প্যারেড ডিসেম্বর-২০২০’ এবং ৭৯ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে যোগ দেন
ছবি: পিআইডি

নবীন সেনা কর্মকর্তাদের প্রতি বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো করে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘দেশে-বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়। তাই সব ক্ষেত্রে তারা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে—সারা বিশ্বের যেখানেই যাবে, সেখানেই যেন দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পার, সেদিকে সর্বদা সবাইকে সজাগ থাকতে হবে।’

চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতি প্যারেড ডিসেম্বর-২০২০’ এবং ৭৯ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বিভিন্ন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নবীন ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মাহমুদুল হাসান শ্রেষ্ঠ চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করায় ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ও অর্জন করেন। অনুষ্ঠানে নবীন ক্যাডেটদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানানো হয় এবং প্রধানমন্ত্রী নবীন ক্যাডেটদের মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জনকারী একটা দেশ। আমরা বিজয়ী জাতি। জাতির পিতার নেতৃত্বেই মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। কাজেই সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন মাথা উঁচু করে আমরা বিশ্বদরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে হবে।’ তিনি বলেন, সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যা যা প্রয়োজন, সেটা করা হচ্ছে। পাশাপাশি জাতির পিতার কাঙ্ক্ষিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সার্বিকভাবে কাজ করা হচ্ছে এবং সেই লক্ষ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে উন্নয়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশে-বিদেশে সুনাম অর্জন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আমাদের সেনাবাহিনী যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় অনেক অবদান আমাদের সেনাবাহিনীর অফিসাররা রেখে যাচ্ছেন এবং প্রতিটি দেশেই আমাদের সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর প্রশংসা করা হচ্ছে। এই প্রশংসা যখন আমরা শুনি, তখন সত্যিই গর্বে আমার বুক ভরে যায়। সে জন্য সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশসহ পুরো বিশ্ব একটি ‘ক্রান্তিকাল’ অতিক্রম করছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষকে সচেতন করা, তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করায় বিরাট অবদান রেখে যাচ্ছে।’ এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ‘জনগণের সেনাবাহিনী’ বলে আখ্যায়িত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়ন এবং সকল স্তরে নারীর অংশীদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরকার ২০০০ সালে সর্বপ্রথম দীর্ঘমেয়াদি কোর্সে মহিলা অফিসার নিয়োগ এবং ২০১৩ সালে সর্বপ্রথম মহিলা সৈনিক ভর্তির যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে।’

প্রধানমন্ত্রী পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশনপ্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে আজ যোগদান করতে যাচ্ছ।’ তিনি বলেন, ‘দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ, তোমরা যে শপথ গ্রহণ করেছ, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। সে কথা সব সময় মনে রাখতে হবে।’