সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘দেশের সার্বিক অবস্থা ভালো নয়, মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক। জনগণ আতঙ্কিত। সন্ত্রাস, দুর্নীতি, দুর্বৃত্তায়ন মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বত্র আস্থাহীনতা বিরাজ করছে।’
আজ বুধবার বিকেলে সুনামগঞ্জে ‘সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের জোয়াহের রাজা ট্রেড সেন্টারে হাঙ্গার প্রজেক্ট কার্যালয়ে তরুণ-তরুণীদের সংগঠন ‘অ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডার্স’ এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘উন্নত, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে তরুণদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। এ জন্য তরুণদের আত্মনির্ভরশীল হতে হবে।’
সংগঠনের জেলা সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুজনের জেলা সভাপতি আইনজীবী ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইন, সুনামগঞ্জের সরকারি কৌসুলি (পিপি) শফিকুল আলম, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুজনের জেলা সম্পাদক শাহ আবু নাসের, ডাচ বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম আজাদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আয়োজক সংগঠনের সহসভাপতি দেওয়ান মুবাশ্বির রাজা চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, আবুল বরকত ও আবদুল ওদুদ, শিক্ষার্থী সৈয়দ তাওসিফ মোনাওয়ার, দূর্জয় পুরকায়স্থ, মুন্না দাস, ফাহমিদুর রহমান, রুবাইয়া আলতাফ প্রমুখ।