স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। তাই বাঙালিরা আইএসে বিশ্বাসী নয়। এ দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রও থেমে নেই।
গত রোববার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে সাবেক সাংসদ রবিউল আউয়াল খানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে পেরে না উঠে এখন আবার নতুন করে হত্যা শুরু হয়েছে। আর এসব চাঞ্চল্যকর ঘটনার আধা ঘণ্টার মধ্যে দায় স্বীকার। এ জন্যই এসবকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলি।’ তিনি বলেন, ‘আমরা সব ষড়যন্ত্র উদ্ঘাটন করেছি। সঠিক লোক ও সঠিক দলটিকে ধরতে পেরেছি। আমরা একেক করে সব ঘটনার বিচারের মুখোমুখি করছি।’
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ রবিউল আউয়ালের ছোট ভাই হারুন অর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম, স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সাংসদ জহিরুল হক ভূঞা প্রমুখ।