চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যান এবং দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। সেই যুগান্তকারী অর্থনৈতিক প্রক্রিয়াকে রাজনৈতিকীকরণের মাধ্যমে আওয়ামী লীগ নিজের দলের ও ব্যক্তিবিশেষের সুবিধাকে প্রাধান্য দিচ্ছে। এতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনার পথ রুদ্ধ হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথম দিনে গতকাল এ আলোচনা সভার আয়োজন করা হয়৷
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছে। এ কারণে দেশের শাসনব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। দেশের মানুষ নিরাপত্তাহীন। আইনের শাসন না থাকায় জানমাল প্রতিনিয়ত হুমকির সম্মুখীন। নাভিশ্বাস অবস্থায় দিন কাটাচ্ছে মানুষ এবং মুক্তির প্রহর গুনছে। এ অবস্থা থেকে মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য তৈরি থাকতে হবে। দেশপ্রেমী ও গণতন্ত্রপ্রিয় মানুষকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’
নগর বিএনপির সহসভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী৷