দেশের মানুষ প্রতিদিন গুপ্তহত্যা দেখতে চায় না: এরশাদ
মহাজোট সরকারের তিন বছরের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল রোববার বিকেলে বনানীর রাজউক মাঠে দলের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এরশাদ এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মানুষ প্রতিদিন গুপ্তহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই দেখতে চায় না। মানুষ চায় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির লক্ষ্য ক্ষমতায় যাওয়া। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি দলকে বাঁচিয়ে রাখা যায় না। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে। এরশাদ ১৭ জানুয়ারি তিস্তা নদীর উদ্দেশে দলের লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, ‘এরশাদকে একনায়ক বলে অভিযুক্ত করা হয়। কিন্তু দেশ কি একনায়ক থেকে উদ্ধার পেয়েছে? দেশ এবং গণতন্ত্র এখন রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে।’সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফর আহমদ এরশাদকে মহাজোট সরকার থেকে বের হয়ে আসার অনুরোধ জানান। তিনি বলেন, এখন মহাজোটের অস্তিত্ব নেই। কাগুজে এই সংগঠনে এখন ভাঙনের সুর বাজছে।