জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ ভালো নেই। হত্যা, খুন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, রাহাজানি বেড়েই চলেছে। এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।গতকাল রোববার রাজধানীর শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত মানববেষ্টনী কর্মসূচি পালনের সময় এরশাদ এসব কথা বলেন।নারী নির্যাতন, হত্যা, গুম, খুন, ধর্ষণ, অ্যাসিড-সন্ত্রাসসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় পার্টি মানববেষ্টনী কর্মসূচি পালন করে। এইচ এম এরশাদ একটি ট্রাকে করে শাহবাগ, শিশু পার্ক, মৎস্য ভবন, হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত দীর্ঘ এই মানববেষ্টনী পরিদর্শন করেন। মতিঝিলের শাপলা চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে অংশ নেন। মানববেষ্টনীর কারণে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহম্মেদ প্রমুখ এ সময় তাঁর সঙ্গে ট্রাকে ছিলেন। টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মজিবুর রহমান, হাফিজ উদ্দিন আহম্মেদ, মোস্তফা জামাল হায়দার, মজিবুল হক, এ কে এম মাইদুল ইসলাম, সালমা ইসলাম প্রমুখ মানববেষ্টনীতে অংশ নেন।