দেশের মানুষ মাছ খাচ্ছে বেশি পুষ্টিকণা পাচ্ছে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মানুষ ২০ বছর আগে যে পরিমাণ মাছ খেত, এখন তার চেয়ে ৩০ শতাংশ বেশি খাচ্ছে। কিন্তু মাছ থেকে পাওয়া অণুপুষ্টিকণার পরিমাণ আগের চেয়ে কমেছে।
মৎস্যবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। এই গবেষণায় অর্থায়ন করেছে জার্মান সংস্থা জিআইজেড। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী প্লস ওয়ান-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মোট নয়জন গবেষক।
প্রাকৃতিক মাছের বদলে চাষের মাছের প্রতি নির্ভরশীলতা বৃদ্ধির চিত্র বুঝতে গবেষণার জন্য বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়। বর্তমানে মাছ চাষে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ।
গত মঙ্গলবার এ গবেষণা নিয়ে লেখা এক নিবন্ধে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেসিকা বোগার্ড বলেছেন, অপুষ্টির কারণে প্রতিবছর বাংলাদেশের অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে আনুমানিক ১০০ কোটি ডলারের ক্ষতি হচ্ছে। অপুষ্টির চিকিৎসার জন্য যে খরচ হয়, তা এই হিসাবের বাইরে। তিনি নিজেও এ গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন।
গবেষণায় বলা হয়, ১৯৯১ থেকে ২০১০ সাল—এই ২০ বছরে সারা বিশ্বে প্রাকৃতিক মাছের পরিমাণ বেশ কমেছে। বাংলাদেশে কমেছে প্রায় ৩৩ শতাংশ। এ জন্য বিশেষজ্ঞরা দূষণ, ক্ষতিগ্রস্ত পরিবেশ ও অতিমাত্রায় মাছ ধরার প্রবণতাকে দায়ী করেছেন। তবে একই সময়ে চাষের মাছের উৎপাদন ৮ শতাংশ করে বেড়েছে। বর্তমানে বিশ্বব্যাপী মোট মাছের অর্ধেক আসে চাষের মাধ্যমে।
গবেষণায় আরও বলা হয়, বাংলাদেশে ১৯৯০ সালে বছরে জনপ্রতি মাছ খাওয়ার পরিমাণ ছিল ৭ দশমিক ৬ কেজি। ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ১৯ দশমিক ২ কেজি। একই সময়ে দেশে মাছের মোট সরবরাহে চাষের মাছ ২৩ থেকে ৫৫ শতাংশে উন্নীত হয়েছে। দেশে প্রাকৃতিক মাছে প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের উপস্থিতি বেশি থাকলেও এই মাছের পরিমাণ কমেছে।
এ গবেষণায় যুক্ত ছিলেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. কাজী আলী তৌফিক এবং গবেষক সামি ফারুক। জানতে চাইলে সামি ফারুক প্রথম আলোকে বলেন, ‘গবেষণায় দেখা গেছে, আমরা যে মাছ খাচ্ছি, তাতে আয়রন ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ অণুপুষ্টিকণার পরিমাণ কমে গেছে। এ ছাড়া জিংক, ভিটামিন এ এবং ভিটামিন বি১২-এর ক্ষেত্রে তেমন তারতম্য পাওয়া যায়নি। মাছ চাষের উৎপাদনশীলতার পাশাপাশি পুষ্টিমানের বিষয়টিও নজরে রাখা দরকার।’
গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে প্রাকৃতিক মাছের মধ্যে ছোট মাছই বেশি। এসব মাছ মাথা, লেজ, কাঁটাসহ খাওয়া হয়। এতে বেশি পরিমাণে আয়রন, জিংক, ক্যালসিয়াম ও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। উচ্চ মানের আমিষও থাকে প্রচুর পরিমাণে। অন্যদিকে চাষের ক্ষেত্রে সাধারণত বড় আকারের মাছকে প্রাধান্য দেওয়া হয়। এর মধ্যে দেশি মাছের পাশাপাশি আছে বিদেশি প্রজাতিও। এসব মাছ থেকে উচ্চ মানের আমিষ পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ অণুপুষ্টিকণা কম থাকে।
সাম্প্রতিক আনুমানিক হিসাব উল্লেখ করে গবেষণায় বলা হয়, এ দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৩৬ শতাংশের শারীরিক বিকাশ ও বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৩৩ শতাংশের ওজন বয়সের তুলনায় কম। প্রাপ্তবয়স্ক নারীদের ১৯ শতাংশ অপুষ্টিতে ভুগছেন। আর লাখ লাখ মানুষের শরীরে বিভিন্ন ধরনের অণুপুষ্টিকণার অভাব আছে।
এই পরিস্থিতিতে ছোট আকারের মাছের প্রজাতির চাষ বাড়ানোর মাধ্যমে এ সমস্যা থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পারে বলে গবেষকেরা মনে করছেন। যেমন বড় প্রজাতির সঙ্গে এক পুকুরেই মলা মাছের মতো ছোট আকারের প্রজাতিগুলোর চাষ করা যায়। এ পদ্ধতি ‘পলিকালচার’ নামে পরিচিত।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. নাজমা শাহীন প্রথম আলোকে বলেন, ‘নদী শুকিয়ে যাওয়া এবং নাব্যতা কমে যাওয়ার ফলে বিশাল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণে চাষের মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নদী ও চাষের মাছের তুলনামূলক গবেষণায় আমিষের তেমন তারতম্য দেখা যায় না। কিন্তু চর্বি ও ফ্যাটি অ্যাসিডের পার্থক্য দেখা যায়। যদি কোনো খাদ্যে অণুপুষ্টি পরিমাণে কম থাকে, তবে তা শাকসবজি, ফলসহ অন্যান্য খাদ্যের মাধ্যমে পাওয়া সম্ভব। কিন্তু প্রাণিজ আমিষ প্রয়োজনীয় মাত্রায় পেতে হলে মাছ, মাংস, দুধ, ডিমের বিকল্প নেই।’