বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আর মানুষ পোড়াবেন না, গাড়ি ভাঙবেন না। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। আপনার প্রিয় পাকিস্তানে আপনি চলে যান।’ গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলার মাটিতে তাদের স্থান নেই। বিএনপির চেয়ারপারসন ও ১৮-দলীয় জোটের প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার দাবি অনুযায়ী ২৭ মার্চ আপনার স্বামী স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর আপনি এদিন স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে হরতাল পালন করছেন। আপনি আপনার স্বামীর ঘোষণায় বিশ্বাস করেন, নাকি জামায়াতকে বাঁচানোর নীতিতে বিশ্বাস করেন?’বিরোধীদলীয় নেতা দেশের সেনাবাহিনীকে উসকে দিচ্ছেন—এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণজাগরণ বিরোধীদলীয় নেতার পছন্দ হচ্ছে না। তাই উনি সেনাবাহিনীকে উসকানি দিয়েছেন। তবে এটা ১৯৭৫ সাল নয়, এখন ২০১৩ সাল।’বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘৮৬ সালে পালিয়েছিলেন কেন? ক্যান্টনমেন্টের বাড়ি থেকে পালিয়ে পূর্বাণী হোটেলে গিয়েছিলেন। সঙ্গে ছিল কে এম ওবায়দুর রহমান। বিডিআর বিদ্রোহের সময়ও পালালেন; সাত দিন কোনো খবর নেই। এক মাস পর ক্যান্টনমেন্টের বাসায় ফিরলেন।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ব্যাহত করতে খালেদা জিয়া সামরিক বাহিনীকে উসকে দিয়েছেন।...বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু বুদ্ধিমান। তাই তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, সাহারা খাতুন প্রমুখ।