দেশের মানুষের কাছে দায়বদ্ধ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের মানুষের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান। কাজেই বিমান নিয়ে যেকোনো প্রতিবেদনই যেন বস্তুনিষ্ঠ হয়।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ সম্পর্কে এভিয়েশন–বিষয়ক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আয়োজিত এক কর্মশালায় বিমানের পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ দিয়ে বেলায়েত হোসেন বলেন, বিমানের যেকোনো বিষয় নিয়েই সাংবাদিকেরা প্রতিবেদন করতে পারেন। কিন্তু সত্যের সঙ্গে যেন মিথ্যাকে মেশানো না হয়। আর বিমান রাষ্ট্রীয় এয়ারলাইনস। অনেকেই যেকোনো এয়ারলাইনসের কোনো ঘটনা ঘটলেও লিখে ফেলেন বিমান। এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে আধুনিক ১০টি নতুন উড়োজাহাজ বিমানে সংযোজিত হলে বিমান নতুন উচ্চতায় পৌঁছাবে।

কর্মশালায় বিমানের ইতিহাস, বিমানের নিরাপত্তা, বিমানের বিপণন, কার্গো হ্যান্ডলিং, বিমানের টিকিট–ব্যবস্থা, প্রশিক্ষণ, কারিগরি বিষয়সহ নানা দিক তুলে ধরেন বিমানের কর্মকর্তা ও প্রকৌশলীরা। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজের পরিচালনায় কর্মশালায় সাংবাদিকদের এসব বিষয়ে তথ্য তুলে ধরেন বিমানের পরিচালক (কাস্টমার সার্ভিস) আতিক সোবহান, বিএটিসির অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত, মহাব্যবস্থাপক (নিরাপত্তা ও মান) প্রকৌশলী এম এ ওয়াদুদ, ব্যবস্থাপক (রেভিনিউ ম্যানেজমেন্ট) শহিদুল হাসান, সহকারী ব্যবস্থাপক আলমগীর কবির, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মুহাম্মদ মাসুদ পারভেজ বক্তব্য দেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ বিতরণ করেন বিমানের পরিচালক প্রশাসন মো. বেলায়েত হোসেন।

এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসাইন, বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতারসহ বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক কর্মশালায় উপস্থিত ছিলেন।