দেশের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার দেশের মানুষের জন্য বিনা মূল্যে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। পৃথিবীর খুব কম দেশই এটা করতে সক্ষম হয়েছে। আজ বৃহস্পতিবার হৃদ্‌রোগ-বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনের আয়োজন করেছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল। এই আয়োজনে সহায়তা করেছে লন্ডনের ইমপেরিয়াল কলেজের মেডিসিন ফ্যাকাল্টি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। অনুষ্ঠানে দেশি-বিদেশি তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের মানুষের কাছে ৩০ ধরনের ওষুধ বিনা মূল্যে পৌঁছে দিচ্ছে।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, মানুষ সচেতন হলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। আর মানুষকে সচেতন করার এই কাজটি নিয়মিতভাবে করে যাচ্ছে প্রথম আলো।
রোগ নির্ণয় ও প্রতিরোধে গবেষণার প্রয়োজনে রোগীদের ডেটা সংগ্রহের ওপর জোর দিয়ে লন্ডনের ইমপেরিয়াল কলেজের কার্ডিয়াক সার্জন প্রকাশ পাঞ্জাবি বলেন, একজন চিকিৎসকের কাছে প্রতিদিন বহু রোগী আসেন। সেই রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁদের রোগের বিষয়েও চিকিৎসকদের তথ্য সংগ্রহে রাখা প্রয়োজন। সেই সব ডেটা পরবর্তী সময়ে গবেষণায় কাজে লাগবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারপারসন প্রীতি চক্রবর্তী প্রমুখ।