দেশের মানুষের শান্তি ও উন্নয়ন কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শনিবার সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী। দেশ ও দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামাতে শরিক হন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানের জামাতে হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে।
জমিয়াতুল ফালাহ ময়দানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের ৪১টি ওয়ার্ডে ১৫৫টি স্থান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
হঠাৎ অসুস্থ মেয়র: জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে ঈদের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দীন।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, জামাতের প্রথম সারিতে ছিলেন মেয়র আ জ ম নাছির। দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাওয়ার সময় তাঁকে ধরে ফেলেন পাশে থাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এ সময় তাঁর শুশ্রূষায় এগিয়ে আসেন সামনের সারিতে থাকা সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। সবার সেবা-শুশ্রূষায় কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে ওঠেন মেয়র।
মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘মেয়র মহোদয় ঈদের আগের রাতে নামাজ পড়েছেন। বাসায় প্রচুর লোকজন এসেছেন। এ ছাড়া এর আগে বেশ কিছুদিন ধরে টানা পরিশ্রমের মধ্যে সময় পার করেছেন তিনি। সব মিলিয়ে শনিবার সকালে তাঁর রক্তচাপ কমে যায়। এতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তবে আল্লাহর রহমতে এখন সুস্থ আছেন।’