দেশের মানুষের সুখ-শান্তি বিএনপির ভালো লাগে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার গরিব মানুষের ভাগ্য বদল চায়। কিন্তু বিরোধীদলীয় নেত্রী চান তা নিয়ে ছিনিমিনি খেলতে। দেশের মানুষের সুখ-শান্তি বিএনপির ভালো লাগে না। তাই খালেদা জিয়া আন্দোলনের হুমকি-ধমকি দিচ্ছেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে। বিএনপি-জামায়াত জোট সরকার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘ওঁরা জালিয়াত। দুর্নীতিতে চ্যাম্পিয়ন। খালেদা জিয়ার ছেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের দায়ে আমেরিকার ফেডারেল কোর্টে মামলা হয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ছেলে লন্ডনে অর্থ জালিয়াতি করেছেন, পত্রিকায় খবর বের হয়েছে। অথচ তাঁরা বড় বড় কথা বলে যাচ্ছেন।’জোট সরকার ক্ষমতায় থাকাকালে দলীয়করণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে এমনভাবে দলীয়করণ করে গেছে যে, তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ধীরগতি ও জটিলতার সৃষ্টি করছে। প্রতিনিয়ত প্যাঁচ দিয়ে যাচ্ছে। তাই কাজ করতে গেলেই বাধা পেতে হচ্ছে সরকারকে। এসব প্রতিকূল অবস্থা মোকাবিলা করেই তাঁর সরকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া তাঁর অসুস্থ ছেলেদের দেখতে না যাওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মা হিসেবে অসুস্থ ছেলেদের পাশে দাঁড়ানোর অনুভূতি যদি না থাকে, মানুষের পাশে দাঁড়াবেন কি করে? কি করে জনগণকে ভালোবাসবেন? সন্তানের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা নেই! যতটা সম্পদের প্রতি আছে।’ শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে আরও বলেন, ‘এরশাদকে স্বামীর হত্যাকারী বলেছেন। সেই হত্যাকারীর হাত থেকে বাড়ি নিয়েছেন। লজ্জাবোধ হয়নি! দুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। স্বামীর (জিয়া) হত্যার বিচার করেননি কেন? এটা আমার প্রশ্ন।’ দেশের অবস্থা খারাপ, তাই বিরোধীদলীয় নেত্রী অসুস্থ ছেলেকে দেখতে বিদেশে যেতে পারেননি—এমন বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ওমরাহ পালন করতে বিদেশে গেছেন। এত দিন খারাপ ছিল, এখন তাহলে দেশের অবস্থা ভালো হয়ে গেছে? মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ কামাল আহমেদ মজুমদার, ফয়েজউদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, অর্থনীতিবিদ আবুল বারকাত, কথাসাহিত্যিক সেলিনা হোসেন প্রমুখ।