দেশের রাজনীতি দুই দশক ধরে সংঘর্ষে আবর্তিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, দেশের রাজনীতি দুই দশক ধরে সংঘর্ষে আবর্তিত হচ্ছে। সবাই রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত। এই বিভক্তি উন্নয়নের ক্ষেত্রে বড় সমস্যা।গতকাল রোববার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইনস্টিটিউট (ডিডিআই) নামের নতুন একটি গবেষণাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকবর আলি খান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তেন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।আকবর আলি খান বলেন, ‘উন্নয়নের মূল শর্ত গণতন্ত্র। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হবে না। আবার উন্নয়ন ছাড়া গণতন্ত্রও হবে না। কিন্তু উন্নয়ন শুধু সংখ্যা বা পরিমাণ দিয়ে বিচার করলে হবে না। গুণগত উন্নয়নের বিষয়টিও দেখতে হবে। যেমন বলা হয়, আমাদের শিক্ষার্থী সংখ্যায় এত বেড়েছে, এত কমেছে; পরিমাণগতভাবে এটি উন্নয়ন। কিন্তু দেখতে হবে আসলে শিক্ষার গুণগত মান কতটুকু উন্নত হয়েছে।’আকবর আলি খান বলেন, ‘বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু সামাজিক সম্পদের অভাব আছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ-বিশ্বাস—এসবের ঘাটতি আছে।’ তিনি রাজনীতির চলমান ধারার সমালোচনা করে বলেন, ‘রাজনীতিকেরা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলেন না। পরমতসহিষ্ণুতা নেই। এখন সবকিছুই রাজনৈতিকভাবে বিভক্ত। সব শ্রেণী-পেশার মানুষও রাজনৈতিকভাবে বিভক্ত। মানুষের সামনে কোনো আদর্শ নেই। এমন কোনো প্রশ্ন নেই, যেখানে আমাদের মতবিরোধ নেই।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিডিআইয়ের সভাপতি আবদুর রব খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ বক্ততা করেন।