দেশের লম্বা মানুষটির অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাঁকে সোমবার সকালে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বিকেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
এর আগে রোববার জিন্নাত আলীকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সোমবার নিউরো সার্জারিতে নিয়ে যাওয়া হয়। তখন তিনি অজ্ঞান ছিলেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান চিকিৎসকেরা।
নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নোমান খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, জিন্নাতের মস্তিষ্কে একটা বড় টিউমার রয়েছে। তাঁকে অজ্ঞান অবস্থায় এখানে ভর্তি করা হয়। তাঁর অজ্ঞানের মাত্রা এত বেশি যে সেটাকে স্বাভাবিক বলা যায় না। এই অবস্থা থেকে ফেরানো অনেক কঠিন। তাই তাঁকে ভেন্টিলেশন দেওয়া দরকার। আইসিইউ সুবিধার ব্যবস্থা করতে বলা হয়েছে।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাতের উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। ১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। জন্ম থেকে সে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। ২০১৮ সালে জিন্নাত আলীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে টিউমার ছাড়াও হরমোনসহ নানা জটিলতা ছিল বলে জানিয়েছিলেন।