দেশের শান্তি-কল্যাণে হাজিদের দোয়া করতে বললেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা

এ বছর বিমান ও সৌদি এয়ারলাইনস ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পরিবহন করবে

সব ধর্মের মানুষ যাতে শান্তিতে বসবাস করে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা পবিত্র জায়গায় যাচ্ছেন, দোয়া করবেন, যেন এই বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে এবং উন্নয়নের গতিধারা আমরা অব্যাহত রাখতে পারি।’

গতকাল শনিবার সকালে কুর্মিটোলা বিমানবন্দর এলাকার আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজ কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট কাল ২৪ জুলাই সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে এবং ২৬ আগস্ট পর্যন্ত এই হজ ফ্লাইট চলবে। এ বছর বিমান ও সৌদি এয়ারলাইনস ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পরিবহন করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক, সেটাই আমরা চাই। যারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে, তাদের যেন আল্লাহ রব্বুল আলামিন বিচার করার শক্তি দেন এবং তাদের মনমানসিকতা যেন পাল্টে দেন। তাদের যেন হেদায়েত করেন। আমাদের পবিত্র ধর্ম, মানবতার ধর্ম ইসলামের বদনাম যেন কেউ করতে না পারে।’

হাজিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা পবিত্র হজ পালনে পবিত্র মাটিতে যাচ্ছেন। সেখানে আপনারা দোয়া করবেন বাংলাদেশের জন্য। দোয়া করবেন বাংলাদেশের জনগণের জন্য।’

এই সরকারের সময় হজযাত্রী প্রতিবছর বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে হজযাত্রী ছিলেন ৪৭ হাজার ৯৮৩ জন। এ বছর হজযাত্রী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এবার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক হজ পালন করবেন।

ভবিষ্যতেও হজ ব্যবস্থাপনায় সাফল্য অব্যাহত থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বেসরকারি হজ এজেন্সি ও তাদের সংগঠন হাবকে (এইচএএবি) সুসংগঠিত করা হয়েছে। আমরা হজে অব্যবস্থাপনার অভিযোগে অভিযুক্ত এজেন্সিগুলোকে আইনের আওতায় এনে শাস্তি দিয়েছি। কোনো ব্যত্যয় হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। গত সাড়ে আট বছরে বহুমাত্রিক পদক্ষেপ ও কর্মকাণ্ডের মাধ্যমে হাজিদের সর্বোচ্চ সেবাপ্রাপ্তি নিশ্চিত করেছি।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সাংসদ সাহারা খাতুন, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন, সৌদি দূতাবাসের ডেপুটি কাউন্সিলর সালেহ আল মুতাইরি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন। ধর্মমন্ত্রী মতিউর রহমান সভাপতিত্ব করেন। পরে দেশ ও জাতির বৃহত্তর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।