দেশের শিশুদের ভিটামিন 'এ' খাওয়ানো হয়েছে

সারা দেশের ২ কোটি ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন কার্যক্রম চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। খবর বাসসের।
সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলপ্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটে ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো পরিচালনা করা হয়। সারা দেশে ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের সঙ্গে আরও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন। ক্যাম্পেইনের ওপর নজর রাখতে জেলা, উপজেলা পর্যায়ে সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হয়।
গত শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাষ্ট্রপতি এ সময়ে বেশ কিছু শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।