দেশের সব অধস্তন আদালতে স্বাভাবিক বিচারকাজ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বিধিনিষেধের পর আজ বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ৮ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ আদেশ জারি করে। এ অবস্থায় আজ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত জানা গেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালিত হবে। দেওয়ানি ও ফৌজদারি মামলায় বিচারক প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক উপস্থিতিতে বা ২০২০ সালের আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন এবং এই আদালতের (হাইকোর্ট) জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সব ধরনের বিচার কার্যক্রম পরিচালনা করবেন। তবে বিচারক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সম্পন্ন করবেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলা ও দায়রা জজ বা মহানগর দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ওই আদেশ পালনে কোনো সমস্যা দেখা দিলে প্রয়োজনে সুপ্রিম কোর্টের নির্দেশনা চাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে এর আগে ৬ আগস্টের বিজ্ঞপ্তির কার্যকারিতা বাতিল করা হলো। ৬ আগস্টের বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল, ৮ আগস্ট থেকে অধস্তন আদালতে সাক্ষ্য গ্রহণ ব্যতীত সব ধরনের কার্যক্রম চলবে। এর আংশিক শারীরিক উপস্থিতিতে ও আংশিক ভার্চ্যুয়ালি হবে। ৮ থেকে ১২ আগস্ট পর্যন্ত এই পদ্ধতিতে বিচারকাজ চলবে।

সুপ্রিম কোর্টে চলছে ভার্চ্যুয়ালি বিচারকাজ

এদিকে আজ থেকে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়েছে। কার্যতালিকা অনুসারে হাইকোর্টের ৫৩টি পৃথক বেঞ্চে কার্যক্রম চলছে। অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৮ আগস্ট থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজ শুরু হয়, যা চলমান। আর ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাইকোর্টের পৃথক ১২টি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।

৮ আগস্ট প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

পরদিন ৯ আগস্ট প্রধান বিচারপতি হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য পৃথক ৫৩টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করে দেন। এসব বেঞ্চ আজ থেকে বিচার কার্যক্রম শুরু করেছেন।