দেশের সব জেলা ও মহানগরে ১০ মার্চ হেফাজতের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের দাবিতে আগামী ১০ মার্চ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। দাবি আদায়ে প্রয়োজনে ২০১৩ সালের ৫ মের মতো রাজধানীর শাপলা চত্বর ঘেরাও করা হবে বলে জানান সংগঠনের নেতারা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতের নেতা-কর্মীরা। একই দাবিতে গতকাল জুমার নামাজের পর ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন হেফাজতের নেতা-কর্মীরা।

আন্দরকিল্লার সমাবেশে সংগঠনের প্রায় ৩০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী বলেন, সরকারের ভেতরে নাস্তিকেরা ঘাপটি মেরে রয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। তাদের পরামর্শে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি (ভাস্কর্য) বসানো হয়েছে। হেফাজতের আমিরের পরামর্শে মূর্তিটি অপসারণের জন্য নিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি মেনে না নেওয়া হলে ১০ মার্চ দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় তাঁরা মিছিল কর্মসূচি বাতিল করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতের নেতা হাবিবুল্লাহ নদভী, মীর ইদ্রিস, ফজলুল করিম, মো. আলী প্রমুখ।

সমাবেশে হেফাজতের আমির ও মহাসচিব উপস্থিত ছিলেন না। এ বিষয়ে সংগঠনের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী প্রথম আলোকে বলেন, হেফাজতের আমির শাহ আহমদ শফী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় রয়েছেন। আর মহাসচিব জুনায়েদ বাবুনগরী অসুস্থ।