দেশের সব ব্যাংক ধূমপানমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে ধূমপানমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। তামাকবিরোধী আইন বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেবে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে তামাকবিরোধী জোটের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে গভর্নর এ প্রতিশ্রুতি দেন। এ সময় কোনো তামাক প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা না দেওয়ার দাবি জানিয়ে একটি স্মারকলিপি গভর্নরকে দেওয়া হয়। আতিউর রহমান বলেন, তামাকশিল্পে বেসরকারি ব্যাংকগুলো কোনো আর্থিক সহায়তা দিচ্ছে কি না এবং দিলে তার পরিমাণ কত, তা জানতে চাইবে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তার (এসএমই) মাধ্যমে তামাকশিল্পের দরিদ্র শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ধূমপানসহ তামাকজাত দ্রব্য মানুষের জন্য ক্ষতিকর। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক তামাক নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতা দেবে।