দেশের সব রিসোর্টে নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব রিসোর্ট ও আনন্দভ্রমণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালার তৈরির দাবি জানিয়েছেন প্রথম আলো ডিজিটালের প্রয়াত কর্মী সাবানুর আলম ওরফে শান্তর পরিবার, স্বজন, বন্ধু, সহকর্মী ও বন্ধুসভার সদস্যরা।

রাঙামাটি ওয়াটার ফ্রন্টসহ দেশের সব রিসোর্ট ও আনন্দ ভ্রমণের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালার দাবিতে রোববার ঢাকার শাহবাগের মোড়ে নিহত শান্তর স্বজন ও প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম
রাঙামাটি ওয়াটার ফ্রন্টসহ দেশের সব রিসোর্ট ও আনন্দ ভ্রমণের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নীতিমালার দাবিতে রোববার ঢাকার শাহবাগের মোড়ে নিহত শান্তর স্বজন ও প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: মনিরুল আলম

আজ রোববার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে সাবানুরের স্বজন ও প্রথম আলো বন্ধুসভা। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবানুরের বাবা মো. ইকবাল আলম, প্রাবন্ধিক  সৈয়দ আবুল মকসুদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, বার্তা সম্পাদক সেলিম খান, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন প্রমুখ।
গত ৪ জুন গাজীপুরের কালিয়াকৈরে রাঙামাটি ওয়াটার ফ্রন্ট নামের একটি রিসোর্টে বেড়াতে গিয়ে সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা যান সাবানুর আলম।
মানববন্ধনে সাবানুরের বাবা মো. ইকবাল আলম বলেন, ‘আমার দাবি একটাই, আর তা হলো ন্যায় বিচার। এটাই সরকারের কাছে দাবি করছি।’
রিসোর্ট ও আনন্দভ্রমণের স্থানগুলোর কার্যক্রমে সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়ানোর তাগিদ দেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ।
সাবানুরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সস্তায় জমি কিনে বা সরকারি জমি লিজ নিয়ে অনেকে রিসোর্ট ব্যবসা চালাচ্ছেন। তাতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। অনেক রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হয় ও অপমৃত্যু ঘটে, খুনখারাবি হয়। রিসোর্টে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তিনি।
সোহরাব হাসান বলেন, সাবানুর যেভাবে মারা গেছেন তা অত্যন্ত বেদনাদায়ক। কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে এমন একজন তরুণ অকালে প্রাণ হারালেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করে এর বিচারের দাবি জানান তিনি।
সাবানুরের চাচি সাদিয়া চৌধুরী বলেন, ‘রাঙামাটি ওয়াটার ফ্রন্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে শান্ত মারা গেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পাশাপাশি জনগণকে এ ধরনের রিসোর্টে বেড়াতে যাওয়ার সময় সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।
সাইদুজ্জামান রওশন বলেন, আমরা অকালে আমাদের একজন সহকর্মী হারিয়েছি। আমাদের বেদনার চেয়েও তাঁর স্বজনদের বেদনা অনেক বেশি। সাবানুরের মৃত্যুর পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে রিসোর্ট ও আনন্দভ্রমণ স্থানে যথাযথ নিরাপত্তা নির্দেশনা থাকা, রিসোর্ট ও আনন্দভ্রমণ স্থানের ওয়েবসাইটে ভ্রমণকারীদের জন্য সচেতনতামূলক নির্দেশনা, সুইমিংপুলগুলোতে সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা, স্কুল পর্যায়ে সাঁতার শেখার ব্যবস্থা করা, আনন্দভ্রমণে যাওয়ার আগে সবাই সচেতন করা, রিসোর্ট ও আনন্দভ্রমণ স্থানে ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা বাধ্যতামূলক করাসহ নানা দাবি তুলে ধরা হয়।
সাবানুরের বাবা মো. ইকবাল আলম অভিযোগ করেন, সুইমিং পুলের পানি দীর্ঘদিন পরিবর্তন না করায় সুইমিং পুলের পাড়সহ তলদেশ শ্যাওলা পড়ে পিচ্ছিল ছিল। এ ছাড়া সুইমিং পুল এলাকায় সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন এবং ফ্লাড লাইট সব অকেজো অবস্থায় ছিল। সুইমিং পুলের নিয়মানুযায়ী গভীরতা কত তার কোনো নির্দেশনা ছিল না। রিসোর্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন মো. ইকবাল আলম। মামলার আসামিরা হলেন রাঙামাটি ওয়াটার ফ্রন্টের চেয়ারম্যান একেএম রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক লুৎফা ইসলাম, জিএম মুসা ও কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জন।