দেশের সবচেয়ে উঁচু সড়কের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সেনাবাহিনীর নির্মিত দেশের সবচেয়ে উঁচু আলীকদম-থানচি সড়ক আজ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনের পর ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলীকদম-থানচি সড়কের উদ্বোধন করবেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সেনাবাহিনীর ১৬ প্রকৌশল নির্মাণ ব্যাটালিয়নের (১৬ ইসিবি) অধিনায়ক ও আলীকদম-থানচি সড়কের প্রকল্প পরিচালক লে. কর্নেল মনোয়ারুল ইসলাম জানান, সড়কটি উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৫০০ ফুট উঁচুতে এই সড়কটি নির্মাণে প্রতি কিলোমিটারে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয় হয়েছে। এটি দেশের সবচেয়ে উঁচু সড়ক।
সূত্র জানায়, থানচি-রেমাক্রি-মদক-লিক্রী মহাসড়ক, আলীকদম-জানালিপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরি মহাসড়ক, পোয়ামুহুরি-লিক্রী-নাপ্রাইতং মহাসড়ক ও পোয়ামুহুরি-নাইক্ষ্যংছড়ি-ঘুনধুম মহাসড়ক নির্মাণ প্রকল্প অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন।