
বৃষ্টি পেলেই পাহাড়ি পথের মাটি থকথকে আর আঠালো হয়ে ওঠে। রামু উপজেলার জোয়ারিয়ানালার মুশকুমপাড়ার পথের অবস্থাও এ রকম। অনুচ্চ পাহাড়ের কোল বেয়ে রাস্তা চলে গেছে গাঁয়ের ভেতরে। কাদাময় সেই পথে হাঁটতে শুরু করলাম। মাল্টাচাষি আনোয়ারুল হক অনেক আগ্রহ নিয়ে তাঁর মাল্টাবাগান দেখাতে নিয়ে যাচ্ছেন। প্রায় ২০০ মাল্টাগাছ লাগিয়ে বাগান করেছেন। গাছ ঝেঁপে মাল্টা ধরেছে। তবে সেখানে মাল্টা দেখতে গিয়ে আসলের চেয়ে বোনাসই যেন মুখ্য হলো। কারণ, ওই বাগানে দেখা মিলল দেশের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় লেবুর। বড় লেবুটার কথা না হয় অন্যদিন লেখা যাবে।
ক্ষুদ্রতম লেবুর কথাই আজ বলি। আনোয়ারুল হক সে লেবুর নাম বললেন, ছাতক লেবু। এ দেশে এটাই আমার দেখা সবচেয়ে ছোট লেবু। মার্বেল বা কড়ে মার্বেল আকারের হবে। কাঁচা লেবুর রং গাঢ় সবুজ, পাকলে হলুদ হয়। কিন্তু নামটা আসলে কী, সেটা নির্ণয় করা মুশকিল হয়ে পড়ল। কেননা, সিলেট অঞ্চলে সিট্রাস গণের প্রায় ৮০ রকমের লেবু রয়েছে। সব কটি সঠিকভাবে শনাক্ত করে তার বর্ণনা তৈরি করতে হলে বিরাট গবেষণা লাগবে।
ষাটোর্ধ্ব আনোয়ারুল হক জানালেন, গাছ সংগ্রহ করা তাঁর নেশা। বছর তিনেক আগে তিনি একবার সিলেটে বেড়াতে গিয়েছিলেন। বাহুবাজারের এক নার্সারিতে এই লেবু ধরা চারাটি দেখে তাঁর শখ হয় সেটি কেনার। তারপর যখন জানলেন এই লেবু জ্বর সারানোর অব্যর্থ ওষুধ, তখন তিনি আর দেরি না করে চারাটি কিনে এনে তাঁর মাল্টাবাগানে লাগান। লোকমুখে শোনা সেই নামেই লেবুটি পরিচিত হয়ে ওঠে ‘ছাতক লেবু’ নামে।
গাছ লাগানোর পরের বছরই লেবু ধরতে শুরু করে। বর্ষাকাল লেবু ধরার মোক্ষম সময়। এ বছর এই একটি গাছ থেকেই এ পর্যন্ত ৩০০ লেবু বিক্রি করেছেন। এখনো সে গাছে ১৫০-২০০টি লেবু রয়েছে। সিকদারপাড়া বাজারে একটি নির্দিষ্ট দোকানে অল্প অল্প করে এ লেবু তুলে তিনি বিক্রি করতে দেন। দুটো লেবু বিক্রি হয় ৫ টাকায়। কখনো কখনো একটা লেবুর দামই হয়ে যায় ৫ টাকা।
গাছে লেবুগুলো দেখে মনে হলো, একেবারেই কচি, শক্ত, খোসা গাঢ় সবুজ। খাওয়ার মতো হয়তো হয়নি। ছাতক লেবুর স্বাদ না নেওয়ার আফসোস নিয়েই ফিরতে হচ্ছিল। হয়তো আনোয়ারুল হক মনের কথাটা বুঝতে পেরেছিলেন। টপ করে দুটো লেবু ছিঁড়ে ফেললেন। হাতে নিয়ে টিপ দিতেই বুঝলাম লেবুটি নরম; তার মানে রসে ঠাসা। খোসা এতই পাতলা যে টেনে ছাড়ানো মুশকিল। মুখে পুরে রস আস্বাদন করলাম। কিন্তু সে রস এতই টক যে তাতে জিহ্বা আর কণ্ঠনালি জ্বলে গেল।
এত টকস্বাদের লেবু মানুষ কেনে কেন? প্রশ্নটা করতেই আনোয়ারুল বললেন, ‘যার দরকার সে আমাকে বাড়ি থেকে খুঁজে হলেও এ লেবু নিয়ে যায়। কারণ, জ্বর হলে এই লেবুর রসের সঙ্গে একটু সরষের তেল হালকা গরম করে দু-তিনবার খাওয়ালে ঠান্ডা লাগা ও জ্বর চলে যায়। এটা পরীক্ষিত।’
এ খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অনেকেই তাই আনোয়ারুল হকের কাছে এ লেবুর চারা চেয়েছেন। কিন্তু তাঁর ধারণা, কলম করলে গাছের ক্ষতি হবে, ফল ধরা কমে যাবে। তাই তিনি এ গাছের এখনো কাউকে কোনো কলম করতে দেননি।
লোকমুখে শোনা এই ছাতক লেবু নিয়ে এ দেশে আরও গবেষণা হতে পারে, এর ভেষজগুণও যাচাই করা দরকার।