দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজিভিত্তিক ও সবচেয়ে বেশি উৎপাদনক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) এবং জার্মানির সিমেন্স এজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। গতকাল রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে ৩ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র স্থাপনে এমওইউ সই হয়।

এই দুই কোম্পানির যৌথ উদ্যোগে পটুয়াখালীর পায়রায় স্থাপিত হবে বিদ্যুৎকেন্দ্রটি। এনডব্লিউপিজিসিএল এবং সিমেন্স এই বিদ্যুৎকেন্দ্রের সমান অংশীদার ও বিনিয়োগকারী হবে। এই কোম্পানিই এলএনজি আমদানি করে তা পুনরায় গ্যাসে রূপান্তরের পর বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করবে। এর সঙ্গে দেশের গ্যাস বা জাতীয় গ্যাস গ্রিডের কোনো সম্পৃক্ততা থাকবে না।

চুক্তি সই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বাংলাদেশকে শুধু বাজার হিসেবে না দেখে এ দেশের জনবল উন্নয়নে কাজ করার আহ্বান জানান সিমেন্সের কর্মকর্তাদের প্রতি।

৩ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার কোনো বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ দেশে এই প্রথম। একই ক্ষমতার আরও একটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে। এমওইউ সই অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সিমেন্স এজি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে চলতি মাসের মধ্যেই এ ব্যাপারে এমওইউ সই হতে পারে। তাঁরা কক্সবাজারের মহেশখালীতে যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি স্থাপন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ বলেন, রোহিঙ্গা সমস্যার মতো সব ক্ষেত্রেই তাঁরা বাংলাদেশের পাশে থাকবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনডব্লিউপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম। এ ছাড়া পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, সিমেন্স দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুনীল মাথুর এবং সিমেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রবাল বোস অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে খোরশেদ আলম ও সুনীল মাথুর এমওইউতে সই করেন।