সাম্রাজ্যবাদের কবল থেকে বাংলাদেশের তেল-গ্যাস-কয়লাসহ জাতীয় সম্পদ রক্ষার দাবি এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ১৭তম বিশ্ব ছাত্র-যুব উৎসব সামনে রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব সংগঠনগুলো।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ১৭তম বিশ্ব ছাত্র-যুব উৎসব প্রস্তুতি কমিটি এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি কাফি রতনের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ যুব ইউনিয়ন, জাতীয় যুব জোট, বাংলাদেশ যুব মৈত্রী, যুব ঐক্য, যুব আন্দোলন, সংযুক্ত যুব ফোরাম, যুব গণফোরাম, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্রকেন্দ্রসহ বিভিন্ন ছাত্র সংগঠন অংশ নেয়।সমাবেশে বক্তারা বলেন, ‘দেশ ও দশের সম্পদ রক্ষায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করব। বিশ্বের দেশে দেশে সাম্রাজ্যবাদকে পরাভূত করার মধ্য দিয়েই তা সম্ভব।’প্রসঙ্গত, আগামী ১৩-২১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অনুষ্ঠেয় ছাত্র-যুব উৎসবের ১৭তম আসরে বাংলাদেশের প্রায় ১০০ জনের একটি প্রতিনিধিদল অংশ নেবে।