দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয়ে কয়লাভিত্তিক একটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প অনুমোদন করেছে সরকার। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটা এলাকায় ১২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হবে। আমদানি করা কয়লা দিয়েই এটির উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পটি নির্মাণে যে ব্যয় ধরা হয়েছে, তা বাংলাদেশের চলতি অর্থবছরের (২০১৪-১৫) বাজেটের মোট আকারের ১৪ শতাংশের সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকারের ৪২ শতাংশের সমান। চলতি অর্থবছরের বাজেট ছিল দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার। আর এডিপির আকার ছিল প্রায় ৮৬ হাজার কোটি টাকা।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। একই সভায় এক হাজার ৪০০ কোটি টাকার আরও চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সভার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বা সিপিজিসিবিএল। এটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে সরকারের শতভাগ মালিকানাধীন কোম্পানি। চলতি অর্থবছরে শুরু হয়ে প্রকল্পটি শেষ হবে ২০২২-২৩ অর্থবছরে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ৩৬ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ২৯ হাজার কোটি টাকাই দেবে জাইকা। বাংলাদেশ সরকার দেবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর বাকি প্রায় দুই হাজার কোটি টাকা সিপিজিসিবিএলের।
২০২২ সালে প্রকল্পটির উৎপাদিত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর তা হলে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজন হবে না বলেও জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
যোগাযোগ করা হলে সিপিজিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ১২০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি এই প্রকল্পের আওতায় কয়লা আমদানির জন্য একটি পূর্ণাঙ্গ বন্দর ও টার্মিনাল স্থাপন, ওই টার্মিনালের সংযোগ স্থাপনের জন্য সমুদ্রপথে দুই কিলোমিটার চ্যানেল তৈরি, ভূমি উন্নয়ন ও অধিগ্রহণ, প্রকল্প এলাকা বা তার আশপাশে নগর-সুবিধা গড়ে তোলাসহ আরও বেশ কিছু স্থাপনা তৈরি করা হবে। এ কারণে প্রকল্পটিতে ৩৬ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরে ৬৪৫ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রায় ৫৬৯ কোটি টাকার জোগান দেবে সরকার। এ বছর জাইকার কাছ থেকে সহায়তা হিসেবে পাওয়া যাবে ৫৭ কোটি ৪৬ লাখ টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি তৈরিতে ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এ প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদনে কম কয়লা লাগবে এবং কম কার্বন ডাই-অক্সাইড নির্গত হবে।
গতকালের সভায় অনুমোদিত অন্য চারটি প্রকল্পের মধ্যে রয়েছে হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন, গুচ্ছগ্রাম ও নারীদের জন্য হাতে কলমে কারিগরি প্রশিক্ষণ প্রকল্প।