প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে সেনাসদস্যদের জীবনে প্রথম ও প্রধান ব্রত।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৭১তম বিএমএ লংকোর্স এবং ৪২তম বিশেষ কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী এর আগে একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রশিক্ষণে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সোর্ড অব অনার বিজয়ী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানান ও পদক বিতরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা দেশের জনগণের একটি অবিচ্ছিন্ন অংশ। তিনি বলেন, এই বাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সড়ক, ফ্লাইওভার এবং অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ ও ট্রাফিক জ্যাম নিরসন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন, ভোটার তালিকা প্রণয়ন ও মেশিন রিড্যাবল পাসপোর্ট তৈরিতে দক্ষতা ও সফলতা দেখিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ এখন জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চসংখ্যক সৈন্য পাঠিয়ে বিশ্বে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার রাশিয়ার সঙ্গে প্রায় এক বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে। এটি সামরিক বাহিনীর সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পাশাপাশি চীন, সার্বিয়া ও অন্যান্য দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জামাদি ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে নতুন ট্যাংক, এপিসি, মাল্টি-ব্যারেল রকেট লঞ্চারসহ বহু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করেছি।’
গতকাল ১৪ জন নারী ক্যাডেটসহ মোট ১৫৯ জন ক্যাডেট ৭১তম বিএমএ লং কোর্স এবং ৪২ বিএমএ বিশেষ কোর্স থেকে চারজন নারী ক্যাডেটসহ ১৭ জন ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।