দেশের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় কৃতী শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে উন্নতির শীর্ষে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজেকে বদলানোর পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে আত্মনিয়োগ করারও প্রত্যয় ব্যক্ত করেছে। শপথ নিয়েছে নিজেরা ইভ টিজিং করবে না এবং এতে সহযোগিতাও করবে না। গতকাল শনিবার সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও কুড়িগ্রামে প্রথম আলো এবং মুঠোফোন কোম্পানি ‘রবি’র যৌথ আয়োজনে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা এ শপথ নেয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দনপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর: সিরাজগঞ্জ: নয়টি উপজেলার এক হাজার ৩৮০ জন শিক্ষার্থীকে গতকাল শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়। শাহজাদপুর উপজেলার গাড়াদহ বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী খাদিজা পারভিন বলে, ‘প্রথম আলো যেভাবে দেশ ও ছাত্রসমাজকে ভালোবাসছে, সেভাবে আমরা রবির মতো জ্বলে উঠে দেশকে গড়ে তুলব।’ সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এস আই আবদুর রাজ্জাক বলেন, সাজেশনভিত্তিক পড়ালেখার অভ্যাস বাদ দিতে হবে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, জীবনে সফলতা আনতে হলে বাবা-মা, আশপাশের লোকজনসহ অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ঘোড়াচরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল্লাহ সুজন, রাশিদুজ্জোহা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল জব্বার, চৌবাড়ী সালাম জাহানারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল আজিজ সরকার কৃতী শিক্ষার্থী সুজন সরকার, ফয়সাল হোসেন প্রমুখ।ভালো ফলের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি বি এল স্কুল, উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। কুষ্টিয়া: কুষ্টিয়া পৌর মিলনায়তন জেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নয় শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নাহার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শুধু এসএসসিতে জিপিএ-৫ পেলেই চলবে না। যাতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারো, সেই চেষ্টা করবে।’ রবির আঞ্চলিক ব্যবস্থাপক ফখরুল আলম বলেন, ‘প্রথম আলো কৃতীদের যে সংবর্ধনা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই অনুষ্ঠানে অংশীদার হতে পেরে আমরাও গর্বিত।’ প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘মাটির চুলায় যেমন আগুনকে আরও প্রজ্বলিত করতে উশ্কাঠি প্রয়োজন, তেমনি আজ তোমাদের সাফল্যকে ভালো কাজের সঙ্গে সব সময় যুক্ত রাখতে উশ্কাঠি দিতে এসেছি।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান সাবিহা সুলতানা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজকে ভালো ফলাফলের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয়। কুড়িগ্রাম: ‘তোমরাই একদিন পিছিয়ে পড়া কুড়িগ্রামকে আলোকিত করবে। মেধার চর্চার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলবে।’ এ আহ্বান জানিয়ে কুড়িগ্রামে ৬৬২ জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা দেওয়া হয়। শহরের কলেজ রোডের টাউন হলে গতকাল সকাল ১০টায় এ অনুষ্ঠান হয়। কুড়িগ্রাম বন্ধুসভার ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র সরকার বলেন, ‘শুধু পাঠ্যবই পড়লে হবে না, পাশাপাশি জ্ঞানচর্চা করতে হবে।’ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, ‘প্রথম আলো প্রতিবছর সংবর্ধনা দিয়ে আমাদের উৎসাহিত করে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক আরিফ উর জামান, জেলা তথ্য কর্মকর্তা নুরনবী সরকার, কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ তোফায়েল হোসেন, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য, কৃতী শিক্ষার্থী লেনিন, তারকিয়া জান্নাত তুরনা, রফিকুর জামান প্রমুখ।ভালো ফলের স্বীকৃতিস্বরূপ কুড়িগ্রাম সরকারি বালিকা ও সরকারি বালক বিদ্যালয় এবং রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।