প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ২০১০-১১ গ্র্যাজুয়েশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেও ভূমিকা রাখতে হবে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা, গণতন্ত্রের উত্তরণ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রশংসনীয় অবদান রাখছেন। তিনি বলেন, তাঁদের সাফল্যে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদর দপ্তরে নীতিনির্ধারক পর্যায়ে বাংলাদেশ থেকে আরও কর্মকর্তা নিয়োগ করা হবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে বেশ কিছু নীতিনির্ধারণী পদ দেওয়া হয়েছে। তাঁর আশা, ভবিষ্যতে বাংলাদেশ থেকে ওই সব পদে আরও কর্মকর্তা নিয়োগ করা হবে।অনুষ্ঠানে কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী স্বাগত বক্তৃতা করেন। বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৩৯ জনসহ সশস্ত্র বাহিনীর ১৭৫ জন সদস্য এই কোর্সে অংশ নেন। অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদ সীমিত। এই সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।’ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বাড়ার পরও সরকার বিভিন্ন ‘ইনসেনটিভ’ দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়মতার মধ্যে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী কোর্সে অংশগ্রহণকারী ও ডিগ্রিপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অভিনন্দন জানান। পরে তিনি ডিগ্রিপ্রাপ্ত ছাত্র ও অফিসারদের মধ্যে সনদ বিতরণ করেন। চলতি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ৯০ জন, নৌবাহিনীর ১৯ জন ও বিমানবাহিনীর ২৭ জন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৩৯ জন বিদেশি কর্মকর্তাসহ সর্বমোট ১৭৫ জন বিভিন্ন পদবির কর্মকর্তা অংশ নেন। দেশগুলো হলো: চীন, মিসর, ভারত, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, সৌদি আরব, সুদান, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।