প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ সামরিক একাডেমিতে ৬৫তম বিএমএ লং কোর্স ও ৩৬তম বিএমএ স্পেশাল কোর্সের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আজ থেকে তোমরা হতে যাচ্ছ একেকজন সুদক্ষ সামরিক কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাদের ওপর অর্পিত হবে। সেই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে তোমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জন্মলাভ করেছে। এই বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতীক। বর্তমান সরকার একে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।’বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসসহ দেশের সংবিধান বিএমএর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি চৌকস, দেশপ্রেমিক ও দক্ষ সেনা নেতৃত্ব গড়ে তুলতে আগ্রহী।প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাঁরা এ দেশের জনগণেরই অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নারও সমান অংশীদার।গতকাল ভাটিয়ারীতে বাংলাদেশ সামরিক একাডেমিতে মোট ১২৭ জন ক্যাডেট শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দেন। দুজন নরীসহ ১১১ জন ক্যাডেট ৬৫তম বিএমএ লং কোর্স, একজন মহিলাসহ পাঁচজন ক্যাডেট ৩৬তম বিএমএ স্পেশাল কোর্সে উত্তীর্ণ হন।৬৫তম বিএমএ লং কোর্সে ছয়জন ক্যাডেট ফিলিস্তিন সেনাবাহিনীতে এবং পাঁচজন ক্যাডেট শ্রীলঙ্কা সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রধানমন্ত্রী আকর্ষণীয় কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতী ক্যাডেটদের মধ্যে পদক বিতরণ করেন।ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিস রেদোয়ান আবায়াজ সেরা ক্যাডেট বিবেচিত হন এবং সোর্ড অব অনারে ভূষিত হন। জেন্টেলম্যান ক্যাডেট নাইম হাসনাইন সামরিক বিষয়ে অসাধারণ নৈপুণ্যের জন্য সেনাবাহিনীর প্রধানের স্বর্ণপদক লাভ করেন। এদিকে জাহাঙ্গীর কোম্পানি বিভিন্ন আন্তকোম্পানির প্রতিযোগিতার ভিত্তিতে শীতকালীন টিমের বিএমএ কালার লাভ করে।ক্যাডেটরা আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পর অভিভাবকেরা তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল মুবীন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪তম পদাতিক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ আসাব উদ্দিন, এআরটিবিওসির জেনারেল অফিসার কমান্ডিং এ কে এম মুজাহিদ উদ্দিন এবং একাডেমির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিসুজ্জামান ভূঁইয়া তাঁকে স্বাগত জানান।অন্যান্যের মধ্যে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং ক্যাডেটদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।