দেশের স্বার্থ বাদ দিয়ে সম্পর্ক নয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের স্বার্থ বজায় রেখে যেকোনো দেশের সঙ্গেই সম্পর্ক রাখতে চায়। তিনি বলেন, ‘সব দেশের সঙ্গেই আমরা সম্পর্ক রাখতে চাই, তবে দেশের স্বার্থ বাদ দিয়ে নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা থাকবে, আমরা সেগুলো সমাধান করব।’
লন্ডনের হিল্টন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
সমুদ্রসীমা মামলায় বিজয়ী হলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমা মামলায় আমরা জয়ী হয়েছি। বিশাল এলাকা হাতছাড়া হয়ে যাচ্ছিল। ১৯৯৬ সালে সরকার গঠনের পর সমুদ্রসীমা নিয়ে কিছু কাজ করা হয়েছিল। বিষয়টি কেবিনেটে পাস হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে এ ব্যাপারে কোনো কাজ করেনি।’
শেখ হাসিনা বলেন, ‘ভাগ্য ভালো, ২০০৮ সালে আমরা বিজয়ী হয়েছিলাম, না হলে আমাদের সমুদ্র বিজয় হতো না। আওয়ামী লীগ সরকার ছাড়া দেশে যে সরকারগুলো ছিল, কেউ কি সমুদ্রসীমা দাবি করতে পেরেছিল? মামলা করতে সাহস করতে পেরেছিল?’
তাঁর সরকারই মিয়ানমার ও ভারতের বিরুদ্ধে মামলা করেছিল, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেরেছি এ জন্য যে, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। যারা উড়ে এসে জুড়ে বসে, তারা শুধু ভোগই করে। আমাদের তো এসব দিকে লক্ষ নেই। আমাদের যা আছে, তা নিয়েই আছি। জঙ্গল থেকে এসে এলিট হয়ে যাইনি।’
‘এত কাজ করার প্রেরণা কোথায় পান’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে বলেন, ‘সততা, নিষ্ঠা, একাগ্রতা ও জনগণের প্রতি দায়িত্ববোধ থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। সরকার গত পাঁচ বছরে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে।’
প্রবাসীদের ভোটার হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীরা ভোট দিক, তিনি ব্যক্তিগতভাবে তা চান। নারীশিক্ষা বিষয়ে তিনি বলেন, ছাত্রীদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে নারী-পুরুষ সমতা নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে বাল্যবিবাহ ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘গার্ল সামিট’-এ অংশগ্রহণ করেন। বাসস