
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা যা করবেন, তা বাংলাদেশের জনগণের স্বার্থেই করবেন। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি তিনি করবেন না। তিস্তা চুক্তি শেখ হাসিনা ছাড়া কেউ করতে পারবেন না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কোনো সমস্যার সমাধান করতে পারেন না। শুধু পারেন উসকানি দিতে। যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো সমস্যার সমাধান করেননি পাকিস্তানের ভয়ে। এখন দেশপ্রেম দেখাচ্ছেন।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘যদি বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে, তাহলে এ দেশে আবার ২১ আগস্টের মতো ঘটনা ঘটবে।’
বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ আবদুস ছালাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ বক্তব্য দেন।