বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘পাঁচ-ছয় বছর ধরে আমার এবং জিয়া পরিবারের ওপর যে নির্যাতন হয়েছে, দেশ ও মানুষের স্বার্থে তা বুকের গভীরে চেপে রেখেছি। আমি বিশ্বাস করি, আমার দলের নেতা-কর্মীদের অতীত ভুলে দেশ ও জনগণের স্বার্থে এই যন্ত্রণা বুকে চেপে রাখার শক্তি আছে।’ওমরা পালন শেষে গত শনিবার জেদ্দার একটি হোটেলে বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির (পশ্চিমাঞ্চল) প্রতিনিধি সভায় যোগ দিয়ে তারেক রহমান এসব কথা বলেন। বেসরকারি টেলিভিশন বাংলাভিশন গতকাল এ খবর প্রচার করে।এ সভায় নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তারেক রহমান। তিনি বলেন, তিনি এখনো শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। কিছু সমস্যা এখনো রয়ে গেছে। তাই সুস্থতার ওপর দেশে ফেরা নির্ভর করছে।তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত ৪০-৪২ বছরে বাংলাদেশের ইতিহাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি দেখা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরাসরি গুলি করে মানুষ মারছে, যা বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে। আইনশৃঙ্খলার অবনতিতে দেশের মানুষের মতো বিদেশের মানুষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো আতঙ্কিত।দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘দেশকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে এবং গড়ে তুলতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি যুদ্ধ করব, নাকি পরিশ্রম করে দেশকে গড়ে তুলব, সেই সিদ্ধান্ত নিতে হবে।’”ওমরা পালনের উদ্দেশ্যে তারেক রহমান সপরিবারে ১ এপ্রিল লন্ডন থেকে সৌদি আরবের জেদ্দায় যান। ওমরা পালন শেষে তিনি আবার লন্ডনে ফিরে গেছেন।তারেক রহমান ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হন। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। সেই থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।