দেশের স্বার্থে চুক্তি হলে এত গোপনীয়তা কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি প্রকাশ না করায়, এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির সন্দেহ, সরকার ভারতের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা করা হচ্ছে না।মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রথম দিন গতকাল মঙ্গলবার বিএনপির সাংসদদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই সন্দেহের কথা বলা হয়। দলটি ভারতের সঙ্গে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে।সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাহাবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘সংসদীয় কমিটির সভায় অনেকবার আমরা জানতে চেয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। আমরা জানতে চাই, দেশের স্বার্থে যদি চুক্তি হয়, তাহলে এত গোপনীয়তা কেন?’মাহাবুব উদ্দিন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে তিনটি চুক্তি, সাতটি সমঝোতা স্মারক ও একটি প্রটোকল সই হচ্ছে বলে জানা গেছে। কিন্তু এ বিষয়ে দেশবাসী কিছুই জানে না। তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা স্মারক করা হলে বিএনপি তা মেনে নেবে না।বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ভারত সরকার যেসব চুক্তি করতে যাচ্ছে, তা সে দেশের বিরোধী দল, রাজ্য সরকারসহ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করছে। অথচ আমাদের সরকার কারও সঙ্গে আলোচনা করছে না। মন্ত্রিসভা কিংবা সংসদেও এ নিয়ে আলোচনা হয়নি।’সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রটোকলের আড়ালে ট্রানজিট ও বন্দরসুবিধার নামে সরকার ভারতকে করিডর দেওয়ার সম্মতিপত্র সই ও ইন্দিরা-মুজিব চুক্তির আদলে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে দেশের স্বার্থ বিকিয়ে দেবে। ভারতের চুক্তি ও প্রটোকলের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। তিস্তা পানি বণ্টন চুক্তির সঙ্গে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়কেও সম্পৃক্ত করা হয়নি। যদিও সর্বশেষে জানা গেছে, এ চুক্তি করবে না ভারত।এ ধরনের কোনো চুক্তি না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বিএনপির সাংসদেরা। বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় এসেছেন তাঁর দেশের নির্বাচিত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে চুক্তি করার সব দায়িত্ব দিয়েছেন অনির্বাচিত একজন উপদেষ্টাকে।