দেশের স্বার্থেই মংলা বন্দরকে গতিশীল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মংলা বন্দরকেও সচল ও গতিশীল করতে হবে। পদ্মা সেতু নির্মিত হলে মংলা বন্দরের গুরুত্ব বেড়ে যাবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক গতিপ্রবাহও অনেকাংশে বৃদ্ধি পাবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দর ব্যবহারকারী শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় নাসির উদ্দিন এ কথা বলেন। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের নিজেদের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে।খুলনা চেম্বারের নবনির্বাচিত সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনার কাস্টমস কমিশনার এম হাফিজুর রহমান, চেম্বারের সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন খুলনার সাবেক সভাপতি কাজী বেলায়েত হোসেন, সুলতান আহমেদ খান, চেম্বারের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি কাজী শাহ নেওয়াজ, সহসভাপতি শাহাদৎ হোসেন, মংলা বন্দর মাস্টার স্টিভিডরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, চেম্বারের সাবেক পরিচালক মাহমুদ হাসান, অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান খান প্রমুখ।বক্তারা মংলা বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও রক্ষায় নিজস্ব ড্রেজিং বহর ক্রয় করে জেটি ও বন্দরসংলগ্ন নদীতে নিয়মিত খননকাজ পরিচালনা, আধুনিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির মাধ্যমে বন্দরে জাহাজে সময়মতো মালামাল বোঝাই ও খালাস নিশ্চিত করা, বন্দরের মাধ্যমে শতকরা ৪০ ভাগ খাদ্যশস্য ও সার আমদানি নিশ্চিত করা এবং বন্দরের অগ্রগতির স্বার্থে কোস্টগার্ডকে শক্তিশালী করাসহ বিভিন্ন সুপারিশ করেন।এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন বন্দর ব্যবহারকারী শিল্পপতি ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। পরে তিনি খুলনার ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে চেম্বার সভাকক্ষে মতবিনিময় করেন।